মহেশপুর সংবাদদাতা
ঝিনাইদহের মহেশপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় রাকিবুল হাসান আজাদ (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার (১১ জানুয়ারি) রাতে উপজেলার হিদেরগাড়ি মাঠসংলগ্ন বরফকলের সামনে নাটিমা-মহেশপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাকিবুল হাসান আজাদ নাটিমা বগাপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে মোটরসাইকেলযোগে নাটিমা বাজার থেকে নিজ বাড়িতে ফিরছিলেন তিনি। পথিমধ্যে হিদেরগাড়ি মাঠসংলগ্ন বরফকলের সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

