উৎপল মণ্ডল, শ্যামনগর
সাতক্ষীরার শ্যামনগরে সীমান্ত এলাকায় বিজিবির অভিযানে একটি বিদেশি রিভলবার, গুলি ও বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। ২৪ জানুয়ারি (শনিবার) দিবাগত রাত আড়াইটার দিকে শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের দক্ষিণে কৈখালী সুইজগেট সংলগ্ন এলাকার বেড়িবাঁধের উপর থেকে বিদেশি রিভলবার ও গুলিসহ বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করা হয়।বিজিবি সূত্রে জানা যায়, গতরাত আড়াইটার দিকে দিকে নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি)-এর অধীন নীলডুমুর আরবিজি কোম্পানির আওতাধীন কৈখালী বিওপি এলাকায় একটি বিশেষ টহল অভিযান পরিচালনা করা হয়। অভিযানে হাবিলদার মো. শাহাবুর রহমানের নেতৃত্বে পরিচালিত ওই টহল দল বিওপি থেকে আনুমানিক এক কিলোমিটার এবং আন্তর্জাতিক সীমান্ত থেকে প্রায় ২০০ মিটার দক্ষিণে কৈখালী সুইজগেট বেড়িবাঁধ এলাকায় অভিযান চালায়।এসময় মালিকবিহীন অবস্থায় একটি বিদেশি রিভলবার, ছয় রাউন্ড গুলি, ৩ হাজার ৫০০ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট এবং ৫০ বোতল ভারতীয় ‘উইন কেয়ারেক্স’ (Wincarex) কফ সিরাপ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ১১ লাখ ৩১ হাজার ২০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।বিজিবি সূত্র আরও জানায়, আইনগত প্রক্রিয়া অনুসারে উদ্ধারকৃত অস্ত্র ও গুলি শ্যামনগর থানায় জমা দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে। এছাড়া উদ্ধার হওয়া মাদকদ্রব্য ব্যাটালিয়ন সদর দপ্তরে জমা দেওয়া হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও আটক করতে সংশ্লিষ্ট এলাকায় নজরদারি ও অভিযান জোরদার করা হয়েছে।

