মোল্লাহাট সংবাদদাতা
বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় বেপরোয়া গতিতে চালিত একটি মোটরসাইকেলের ধাক্কায় হাফিজুর শেখ (৪২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার মাদ্রাসা ঘাট সংলগ্ন রাজপাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হাফিজুর শেখ রাজপাট গ্রামের বাসিন্দা এবং শেখ আশ্বাফ আলীর ছেলে। দুর্ঘটনার পর পুলিশ ঘাতক মোটরসাইকেলচালক এমডি আকবর মোড়ল (৩৫)-কে মোটরসাইকেলসহ আটক করেছে। আটক চালকের বাড়ি ফকিরহাট উপজেলার দেপাড়া এলাকায়। মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, হাফিজুর শেখ মহাসড়ক থেকে নিজের বাড়ির রাস্তায় ঢোকার জন্য সড়ক পার হচ্ছিলেন। এসময় অতিদ্রুত গতিতে আসা আরেকটি মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওসি আরো জানান, দুর্ঘটনার পরপরই অভিযুক্ত মোটরসাইকেল চালককে আটক করা হয় এবং তার বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।

