প্রতিদিনের ডেস্ক
আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান মহারণ দেখতে চান সাবেক অস্ট্রেলিয়ান গতিতারকা ব্রেট লি। তবে কলম্বোয় ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ম্যাচটি বয়কটের সিদ্ধান্তে অটল রয়েছে পাকিস্তান সরকার। দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ একে ‘যথাযথ সিদ্ধান্ত’ বলে মন্তব্য করেছেন। পাকিস্তান সরকার দলকে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে শ্রীলঙ্কা সফরের অনুমতি দিলেও গ্রুপ পর্বে চিরপ্রতিদ্বন্দ্বী ও টুর্নামেন্টের সহ-আয়োজক ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার ঘোষণা দেয়। এতে ২০ দলের টুর্নামেন্ট থেকে সবচেয়ে আকর্ষণীয় ম্যাচটি বাদ পড়ার শঙ্কা তৈরি হয়েছে। ‘মি. ক্রিকেট ইউএই’ পডকাস্টে ব্রেট লি বলেন, ‘খেলার মাঠ থেকে রাজনীতি দূরে রাখা উচিত। আমি সত্যিই আশা করি ম্যাচটি হবে। ভারত ও পাকিস্তান খেললে পুরো বিশ্ব তা উপভোগ করে।’ বিশ্বকাপকে ঘিরে শুরু থেকেই ভূরাজনৈতিক উত্তেজনা প্রভাব ফেলছে। নিরাপত্তা উদ্বেগ দেখিয়ে ভারতে ম্যাচ খেলতে অস্বীকৃতি জানানোয় বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করেছে আইসিসি। এ বিষয়ে আইসিসি জানায়, স্বাধীন নিরাপত্তা মূল্যায়ন প্রতিবেদনে ভারতে ম্যাচ আয়োজন নিয়ে কোনো ঝুঁকি পাওয়া যায়নি। পাশাপাশি বাংলাদেশ ও পাকিস্তানের সমর্থনে শ্রীলঙ্কায় ম্যাচ সরানোর প্রস্তাবও প্রত্যাখ্যান করে আইসিসি, কারণ এত দেরিতে সূচি পরিবর্তন সম্ভব নয় বলে জানানো হয়। প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বুধবার বলেন, ‘খেলার মাঠে কোনো রাজনীতি থাকা উচিত নয়। বাংলাদেশের প্রতি সংহতি জানাতেই আমরা ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিয়েছি। এটি ভেবেচিন্তে নেওয়া একটি অবস্থান।’
এদিকে, নকআউট পর্বে পাকিস্তান যদি ভারতের মুখোমুখি হয়, সে ক্ষেত্রে কী সিদ্ধান্ত নেওয়া হবে, এ বিষয়ে এখনো পাকিস্তান ক্রিকেট বোর্ড আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

