প্রতিদিনের ডেস্ক
টি-টোয়েন্টি বিশ্বকাপে বড় অঘটন থেকে অল্পের জন্য রক্ষা পেল দুই বারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে গ্রুপ ‘সি’র ম্যাচে নেপালকে মাত্র ৪ রানে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছে ইংলিশরা। ১৮৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শেষ ওভারে নেপালের প্রয়োজন ছিল ১০ রান। তবে স্যাম কারানের নিয়ন্ত্রিত বোলিংয়ে ওই ওভারে আসে মাত্র ৫ রান। নির্ধারিত ২০ ওভারে নেপাল থামে ৬ উইকেটে ১৮০ রান করে। এর আগে ব্যাটিংয়ে ইংল্যান্ডকে লড়াইয়ের পুঁজি এনে দেন হ্যারি ব্রুক ও জ্যাকব বেথেল। ব্রুক করেন ৩২ বলে ৫৩ রান, বেথেলের ব্যাট থেকে আসে ৩৫ বলে ৫৫ রান। শেষ দিকে উইল জ্যাকস ঝড় তোলেন। মাত্র ১৮ বলে ৩ ছক্কায় অপরাজিত ৩৯ রান করেন তিনি। শেষ ওভারে ২১ রান তুলে ইংল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেটে ১৮৪।
লক্ষ্য তাড়ায় শুরু থেকেই আত্মবিশ্বাসী ছিল নেপাল। তিন ওভারে বিনা উইকেটে ৩১ রান তোলে তারা। মাঝের ওভারগুলোতেও ছন্দ ধরে রেখে ১৪ ওভার শেষে তাদের স্কোর দাঁড়ায় ২ উইকেটে ১২৩। অধিনায়ক রোহিত পাওডেল করেন ৩৪ বলে ৩৯, আর দীপেন্দ্র সিং আইরি খেলেন ২৯ বলে ৪৪ রানের কার্যকর ইনিংস। দুজনে মিলে ৫৪ বলে ৮২ রানের জুটি গড়েন। শেষ ৬ ওভারে নেপালের প্রয়োজন ছিল ৬২ রান। ম্যাচ তখন পুরোপুরি হাড্ডাহাড্ডি অবস্থায়। তবে পরপর দুই ওভারে আইরি ও পাওডেল আউট হলে ম্যাচের মোড় ঘুরে যায়। লিয়াম ডসন ২ উইকেটে ২১ রান এবং কারান ১ উইকেটে ২৭ রান দিয়ে খেলায় ফেরান ইংলিশদের। তবুও শেষ হয়নি নাটক। জোফরা আর্চারের এক ওভারে ২ ছক্কায় ২২ রান তোলেন লোকেশ বাম। পরের ওভারে লুক উড দেন ১৪ রান। শেষ মুহূর্তে ম্যাচ আবার জমে ওঠে। তবে শেষ ওভারে অভিজ্ঞতাই কাজে আসে। শেষ বলে প্রয়োজন হয় ৬ রানের। কিন্তু সেটি করতে পারেননি স্ট্রাইকে থাকা লোকেশ। ২০ বলে ৩৯ রান করে অপরাজিত থাকেন তিনি।

