২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

দামুড়হুদায় স্কুলের সামনে দপ্তরিকে কুপিয়ে জখম

চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার হেমায়েতপুরে হারুন-উর রশিদ (৩৯) নামে এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়েছে। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে হেমায়েতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে এ হামলার ঘটনা ঘটে। আহত হারুন-উর রশিদ দামুড়হুদা উপজেলার নতিপোতা ইউনিয়নের হেমায়েতপুর গ্রামের ক্লাবপাড়ার শাহাজান আলীর ছেলে। তিনি হেমায়েতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি হিসেবে কর্মরত। আহত হারুন-উর রশিদ জানান, সকাল থেকে তিনি বিদ্যালয়ে দায়িত্ব পালন করছিলেন। নাস্তা করার জন্য বের হলে মোটরসাইকেলে করে আসা দুইজন অজ্ঞাতনামা ব্যক্তি তার ওপর অতর্কিত হামলা চালায়। কিছু বুঝে ওঠার আগেই প্রকাশ্যে তারা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে শুরু করে। তার চিৎকারে স্থানীয়রা ও বিদ্যালয়ের শিক্ষকরা ছুটে এলে হামলাকারীরা মোটরসাইকেলে পালিয়ে যায়। পরে স্থানীয় ও শিক্ষকরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। হামলার কারণ বা হামলাকারীদের পরিচয় সম্পর্কে তিনি কিছু জানেন না বলে জানান। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শাপলা খাতুন বলেন, আহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। বিশেষ করে দুই হাত ও পেটে ক্ষত পাওয়া গেছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে পুরুষ সার্জারি ওয়ার্ডে ভর্তি রাখা হয়েছে। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত। দামুড়হুদা মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) শেখ মেসবাহ উদ্দিন বলেন, প্রাথমিকভাবে পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। তবে ভুক্তভোগী এ বিষয়ে স্পষ্ট কিছু জানাননি। তিনি মামলা করলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়