অভয়নগর প্রতিনিধি
যশোরের অভয়নগরে উপজেলায় চাঁদা না পেয়ে স্থানীয় রোমান জুটমিল মালিকের বাড়িতে শক্তিশালী ককটেল হামলার ঘটনা ঘটেছে। গত শুক্রবার গভীর রাতে উপজেলার নওয়াপাড়া গ্রামে এ ককটেল হামলার ঘটনা ঘটে। ওই সময় কেউ বাড়িতে না থাকায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে ককটেলের আলামত উদ্ধার করেছে। ককটেল হামলার পর এলাকার মানুষের মধ্যে আতংক বিরাজ করছে। রোমান জুট মিলের মালিক মোহাম্মদ আলী জানান, দীর্ঘদিন যাবৎ চাঁদাবাজরা আমার মোবাইল ফেনে চাঁদার দাবী করে আসছিল। মাঝে মধ্যে ওই চাঁদাবাজদের চাঁদা দিতে হয়। এরপর আমার ছেলে রাকিবের কাছেও চাঁদাবাজরা ৫ লক্ষ টাকা চাঁদার দাবী করে। আমার ছেলে রাকিব তখন তাদেরকে চাঁদা না দিয়ে গালাগালি করে। চাঁদা না পেয়ে তারা আমার বাড়িতে শুক্রবার রাত দেড়টার সময় ককটেল হামলা করে। ককটেলের বিকট শব্দে আশেপাশের লোকজন ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। আমরা কেউ বাড়িতে না থাকায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। তবে আমার বাড়ির দরজা জানালার ক্ষতি হয়েছে। তিনি আরো জানান, ইতিপুর্বেও আমার বাড়িতে চাঁদাবাজরা ৩ দফায় ককটেল হামলা করেছে। অভয়নগর থানার পরিদর্শক (ওসি তদন্ত) জাহিদুল ইসলাম বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাস্থল থেকে ককটেলের আলামত সংগ্রহ করা হয়েছে। অভিযোগ পেলে আইন গত ব্যবস্থা নেয়া হবে।

