উৎপল মণ্ডল, শ্যামনগর
ধানের শীষে ভোট না দিতে বলা বিএনপি নেতার তথ্য ফাঁস করায় সাতক্ষীরার শ্যামনগরে পূজা উদযাপন ফ্রন্টের পৌর কমিটির উপদেষ্টা পরিতোষ মন্ডল ও তার পরিবারকে অব্যাহত হুমকির প্রতিবাদে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে সনাতন সম্প্রদায়ের নারীদের মানববন্ধন। সনাতনী সম্প্রদায়ের নারীরা অব্যাহত হুমকির মুখে মানববন্ধন করে জীবনসহ সহায় সম্পত্তির রক্ষার দাবি জানিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছে। ২৮ ফেব্রুয়ারি(শনিবার) বেলা ১১টায় সনাতনী সম্প্রদায়ের আয়োজনে উপজেলা প্রেসক্লাবের সামনে ঘন্টা ব্যাপি মানববন্ধন অনুষ্ঠিত হয়। পৌরসভার চন্ডিপুর গ্রামের নারী নেত্রী প্রতিমা রানী হালদারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, চন্ডিপুর গ্রামের হেনা রানী মন্ডল, সুশীলা রানী মন্ডল, সুমিত্রা রানী মন্ডল, সুধা রানী মন্ডল, পারুল মন্ডল প্রমুখ। মানববন্ধনে অংশ নিয়ে এসব নারীরা জানান, গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দু’দিন আগে থেকে উপজেলা বিএনপির কয়েকজন নেতা তাদের ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য হুমকি দেয়। পৌর পূজা উদযাপন ফ্রন্টের উপদেষ্টা পরিতোষ মন্ডলসহ অপর কয়েকজন স্থানীয় ব্যক্তির মাধ্যমে ঐসব বিএনপি নেতারা কেন্দ্রে না যাওয়ার পাশাপাশি তাদেরকে ধানের শীষে ভোট দিতে নিষেধ করে। এঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে উক্ত বিএনপির নেতারা নিজস্ব অনুসারী দিয়ে তাদেরকে নানাভাবে ক্ষয়ক্ষতির হুমকি দেয়। বিষয়টি পুলিশকে জানিয়ে তারা থানায় সাধারণ ডায়েরী করার পর উক্ত বিএনপি নেতারা আরও ক্ষুব্ধ হয়ে উঠেছে। এমতাবস্থায় ঐসব ব্যক্তিরা দীর্ঘদিন ধরে বিচারাধীন পরিতোষ মন্ডলের বসতভিটা দখলে নেয়ার পায়তারা শুরু করেছে। যার অংশ হিসেবে তাদের নির্দেশে ফজলুল হক, লিয়াকত আলী এবং শোকরসহ ১২/১৪ জন উঠতি বয়সী তরুন প্রতিনিয়ত উক্ত এলাকায় যেয়ে হুমকি-ধমকিসহ ভয়ভীতি প্রদর্শন করে ত্রাস সৃষ্টি করছে। জীবনহানীসহ জমিজায়গা দখলের হুমকি পাচ্ছেন বলেও মানববন্ধনে এসব নারীরা অভিযোগ করেন। এমতাবস্তায় মানববন্ধনে অংশগ্রহনকারী নারীরা ভোট কেন্দ্রে যেতে নিষেধ করাসহ পরবর্তীতে তাদের লেলিয়ে দেয়া অনুসারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে পূর্ব পুরুষের জম্মস্থান বাংলাদেশে তাদের বসবাস নির্বিঘ্ন করতে প্রধানমন্ত্রীর প্রতি আবেদন জানান। এসব বিষয়ে লিয়াকত আলী বলেন, কোন বিএনপি নেতার হয়ে তারা কাজ করছেন না। উক্ত বিএনপি নেতারা তাদের নিকটাত্বীয় তাই যোগাযোগ রয়েছে। তবে পরিতোষ মন্ডলের সাথে জমি-জমা নিয়ে তাদের পূর্ব বিরোধ রয়েছে বলে তিনি স্বীকার করেন।

