প্রতিদিনের ডেস্ক:
চলতি বছর প্রথমবার ওয়ানডে সিরিজে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ দল। তার আগে বেশ ভালোভাবেই নিজেদের প্রস্তুত করছে টাইগাররা। চলমান বিসিএল হচ্ছে ওয়ানডে ফরম্যাটে। আগামীকাল এই টুর্নামেন্টের ফাইনালে নর্থ জোনের বিপক্ষে মাঠে নামবে সেন্ট্রাল জোন।
ফাইনালের আগে আজ সোমবার গণমাধ্যমের মুখোমুখি হন সেন্ট্রাল জোনের ক্রিকেটার সাইফ হাসান। এ সময় পাকিস্তান সিরিজের আগে ভালো প্রস্তুতির কথা জানিয়ে সাইফ বলেন, ‘যেহেতু আমরা ফাইনালে উঠছি আর একটা ম্যাচ খেলার সুযোগ বেড়েছে। আর ওয়ানডে সিরিজের আগে এটা খুব ভালো একটা প্রস্তুতি আমাদের জন্য। আশা করি কালকের ম্যাচটায় আমরা আরও ভালো ক্রিকেট খেলতে পারবো।”গত এক-দেড় বছর ওরকম ওয়ানডে খেলার সুযোগ পাইনি। কিছু ওয়ানডে আমরা পেয়েছি তাও টি-টোয়েন্টির মাঝখানে। এখন যেগুলাই ওয়ানডে সিরিজ আছে অবশ্যই প্রস্তুতিটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে।’-যোগ করেন তিনি।
মিরপুরে ফাইনাল খেলা নিয়ে সাইফ জানান, ‘বগুড়া-রাজশাহীতে সাধারণত খুব ভালো উইকেট থাকে আর মিরপুরে কালকে যেহেতু দিবা-রাত্রির ম্যাচ, আশা করি ভালো উইকেট থাকবে। একটা সিরিজের আগে যদি ম্যাচ অনুশীলন থাকে, অবশ্যই খুবই ভালো ব্যাটসম্যান হিসেবে যদি বলি। তাই ম্যাচটি যেখানেই খেলি না কেন, নিজের শতভাগ দেয়ার চেষ্টা করি।’

