১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

বঙ্গোপসাগরে ৩ অবৈধ ট্রলিং বোটসহ ৩৭ জেলে আটক

বাগেরহাট প্রতিনিধি
বঙ্গোপসাগরে নিষিদ্ধ পদ্ধতিতে মাছ শিকারের অভিযোগে তিনটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ৩৭ জন জেলেকে আটক করেছে কোস্টগার্ড। বুধবার (৪ মার্চ) বিকেলে বরগুনার পাথরঘাটা সংলগ্ন গভীর সমুদ্র থেকে তাদের আটক করা হয়। বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন মোংলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম। তিনি জানান, বৃহস্পতিবার বিকেলে মোংলার ফেরিঘাটে জব্দ তিন বোটসহ ৩৭ জেলেকে থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে। আর বোটে থাকা মাছের বিষয়ে আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে। মাছগুলো হয়ত নিলাম দেওয়া হবে, অন্যথায় এতিমখানায়ও দেওয়া হতে পারে। তিনি জানান, বরগুনার পাথরঘাটা সংলগ্ন বঙ্গোপসাগরে বুধবার বিকেলে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট নিয়ে মাছ ধরছিল জেলেরা। ওই সময় কোস্টগার্ডের টহলরত জাহাজ সিজিএস সোনারবাংলা অবৈধ এফ, বি মায়ের দোয়া-২৭, সীমা-০২ ও আসমা নামক বোটগুলো আটক করে। মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মানিক চন্দ্র গাইন বলেন, এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়