২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

সরকারি রাস্তা কেটে মাছের ঘের : ১০ দিনের কারাদণ্ড

নিজস্ব প্রদতবেদক
যশোরের মণিরামপুর উপজেলায় সরকারি রাস্তা কেটে মাছের ঘের করার অপরাধে মাহাতাব মোড়ল (৫০) নামে এক ব্যক্তিকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (২৯ মার্চ) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহির দায়ান আমিন হরিহরনগর ইউনিয়নের রূপসপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে এই দণ্ড দিয়েছেন। মাহাতাব মোড়ল রূপসপুর গ্রামের বুধো মোড়লের ছেলে। এসিল্যান্ড মাহির দায়ান এই তথ্য নিশ্চিত করেছেন। এসিল্যান্ড বলেন, কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে মাহাতাব মোড়ল ৮৫ শতক কৃষি জমি থেকে মাটি কেটে মাছের ঘের তৈরি করছেন। এছাড়া তিনি সরকারি ৫০ শতক রাস্তা দখলে নিয়ে মাটি কেটে ঘের সম্প্রসারণ করেছেন। এমন অভিযোগ স্থানীয়দের মাধ্যমে আমরা পেয়েছি। এসিল্যান্ড মাহির দায়ান আরো বলেন, অভিযোগ পেয়ে মাহাতাব মোড়লকে থামাতে হরিহরনগর ইউনিয়ন ভূমি কর্মকর্তা তাকে শনিবার (২৮ মার্চ) নোটিশের মাধ্যমে মাটি কাটা বন্ধ করার জন্য অনুরোধ করেন। তাতে কান না দিয়ে শনিবার দিবাগত রাতভর মাটি কাটা কাজ চালিয়েছেন মাহাতাব। যা রোববার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা পর্যন্ত চলমান ছিল। তিনি বলেন, এই দুই অপরাধে রোববার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারা অনুযায়ী মাহাতাব মোড়লকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। এসময় আসামির পরিবার ভ্রাম্যমাণ আদালতের কাছে ক্ষতিগ্রস্ত সরকারি রাস্তা নিজ খরচে সংস্কার করে দেওয়ার অঙ্গীকার করেছেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়