প্রতিদিনের ডেস্ক
থাইল্যান্ডের জনপ্রিয় সৌন্দর্য প্রতিযোগিতা ‘মিস গ্র্যান্ড থাইল্যান্ড’-এর মঞ্চে অপ্রত্যাশিত এক ঘটনায়ও মানসিক দৃঢ়তা দেখিয়ে প্রশংসা কুড়িয়েছেন এক প্রতিযোগী। দ্য সান-এর প্রতিবেদন অনুযায়ী, প্রতিযোগী কামোলওয়ান চানাগো উদ্বোধনী পর্বে নিজের পরিচয় দিচ্ছিলেন। ঠিক সেই সময় তার দাঁতের ডেন্টাল ভিনিয়ার হঠাৎ খুলে যায়। ঘটনাটি বিচারক ও দর্শকদের সামনে ঘটায় কিছুটা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়। তবে তিনি বিচলিত না হয়ে খুব স্বাভাবিকভাবে একপাশে সরে দাঁড়িয়ে দ্রুত সেটি ঠিক করেন এবং আত্মবিশ্বাসের সঙ্গে আবার বক্তব্য চালিয়ে যান। তার এই পেশাদার আচরণে দর্শকরা মুগ্ধ হন এবং তাকে করতালিতে অভিবাদন জানান। পরে তিনি ইভনিং গাউন পরে মঞ্চে আবার উপস্থিত হন এবং পুরো পরিবেশনা হাসিমুখে শেষ করেন, যেন কিছুই ঘটেনি। ঘটনাটির ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে অনেকেই তার ধৈর্য ও আত্মবিশ্বাসের প্রশংসা করছেন। প্রতিযোগিতার প্রাথমিক পর্বে এই ঘটনা ঘটলেও চূড়ান্ত বিজয়ী ঘোষণা করা হবে শনিবার (২৮ মার্চ)। বিজয়ী প্রতিযোগী ‘মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল ২০২৬’-এ থাইল্যান্ডের প্রতিনিধিত্ব করবেন, যা অনুষ্ঠিত হবে ভারতে।

