১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

ক্ষত ও ঠাঁই

মুহম্মদ বদিউজ্জামান দিদার
ক্ষত
বুকের ভেতরে একটা ভীষণ ক্ষত,
কোনো কার্ডিয়াক সার্জনের পক্ষে সেটা
খুঁজে পাওয়া একেবারেই অসম্ভব।
রাত যখন গভীর হয়,
আকাশের তারাগুলো যখন জ্বলে জ্বলে
খুঁজে বেড়ায় লাল ভোর,
নির্ঘুম আমি সেই ক্ষতটা খুঁজে পাই।
এতটা গভীরে যেতে অপেক্ষা করতে হয়
একটা অঘুম রাতের।
প্রতি মুহূর্ত যেন একেকটা ঘুনপোকা,
নিঃশব্দে ক্ষত তৈরি করে যায়—
টের পাই রাত ভোর হলে।
রাত কাটে নির্ঘুম,
দিন কাটে ব্যস্ততায়।
ঘুনপোকাটা ফিরে আসে
প্রতি রাতে—ক্ষতে রক্ত ঝরায়।

ঠাঁই
সেদিন বৃষ্টি এসেছিল হঠাৎ করে,
বিনা নোটিশে।
আমাদের কোনো প্রস্তুতি ছিল না।
একটা জারুল গাছের নিচে
আমরা ঠাঁই নিয়েছিলাম।
তুমি বারবার গাছের তলা থেকে বের হয়ে
বৃষ্টিতে ভিজছিলে একটু একটু করে,
অথচ আমরা দাঁড়িয়ে ছিলাম আশ্রয়ে।
বৃষ্টি এসেছিল বিনা নোটিশে।
বৃষ্টিতে যতটা ঠাঁই হয়েছিল,
তার চেয়েও বেশি ভিজেছিলে তুমি।
তারপরও জারুল গাছটা ছিল একটুখানি ঠাঁই—
তাই একটু একটু করে ভিজেছিলে।
বৃষ্টিটাও এসেছিল
বিনা নোটিশে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়