রেজাউল করিম, লোহাগড়া
নড়াইলের সদর উপজেলায় তিন মাস বয়সী শিশু সন্তানকে গলায় গামছা পেঁচিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত মাকে আটক করেছে নড়াইল সদর থানা পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার শাহাবাদ ইউনিয়নের আলুকদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ সুত্রে জানা গেছে,আলুকদিয়া গ্রামের খায়রুল বিশ্বাসের মেয়ে আরিফা খাতুনকে একই উপজেলার রামেশ্বরপুর গ্রামের কুয়েত প্রবাসী চান মানিক মোল্যা বিয়ে করেন। সন্তান জন্মের পর তিনি শ্বশুর বাড়িতেই বসবাস করতেন। প্রায় ১ মাস আগে অভিযুক্ত মা আরিফা শিশু সন্তানকে নিয়ে বাবার বাড়ি বেড়াতে আসেন। বৃহস্পতিবার সকালে গলায় গামছা পেঁচিয়ে শিশু তাবাসুমকে তার মা হত্যা করেছে এমন একটি খবর ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে এলাকাবাসী ও পুলিশ। নিহত শিশু তাবাসসুমের চাচা শামিম মোল্যা বলেন, গতকাল আমার ভাই কুয়েত থেকে আমাকে ফোন দিয়ে জানায় আজ ওরা বাড়িতে যাবে। কিন্তু আজ সকালে আলুকদিয়া থেকে ফোন দিয়ে জানায় আপনার ভাতিজি কে হত্যা করা হয়েছে। আমি এখানে এসে তার গলার দুই পাশে দাগ দেখতে পায়। নড়াইল অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কামরুজ্জামান বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে এবং জিজ্ঞাসাবাদের জন্য শিশুটির মাকে আটক করা হয়েছে। তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

