১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

কালবৈশাখীর তাণ্ডবে রাজগঞ্জে ব্যাপক ক্ষয়ক্ষতি, বজ্রপাতে কৃষকের মৃত্যু

উত্তম চক্রবর্তী, রাজগঞ্জ
যশোরের মনিরামপুর উপজেলায় আকস্মিক কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুর ১টার দিকে রাজগঞ্জ এলাকা দিয়ে বয়ে যাওয়া এ ঝড়ে উপজেলার বিভিন্ন এলাকা লন্ডভন্ড হয়ে পড়ে। এতে একজন কৃষকের মৃত্যু এবং অসংখ্য ঘরবাড়ি ও ফসলের ক্ষতি হয়েছে। জানা যায়, ঝড়ের সময় বজ্রপাতে মশ্বিমনগর ইউনিয়নের শাহাপুর গ্রামের কৃষক লুৎফর রহমান (৬৫) নিহত হন। তিনি ওই গ্রামের বাবর আলী সরদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাঠে কৃষিকাজ করার সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অন্যদিকে, ঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উপজেলার পারখাজুরা বাজার এলাকা। ঝড়ের তাণ্ডবে বাজারের বেশ কয়েকটি দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্যুতের পিলার ভেঙ্গে পড়েছে। মাঠে দাঁড়িয়ে থাকা প্রায় পাকা বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে, যা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। পারখাজুরা এলাকার ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুল মালেক বলেন, আর কয়েকদিন পরই ধান কাটতাম। কিন্তু ঝড়ে সব শেষ হয়ে গেল। এখন কীভাবে সংসার চলবে বুঝতে পারছি না। আরেক কৃষক রফিকুল ইসলাম বলেন, এই ধানই ছিল আমাদের একমাত্র ভরসা। ঝড়ে অধিকাংশ ধান মাটিতে লুটিয়ে পড়েছে। অনেক ক্ষতি হয়ে গেছে। রাজগঞ্জ এলাকাতেও ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝাঁপা বাঁওড়ের দুটি ভাসমান সেতু ঝড়ের কবলে পড়ে ছিড়ে-ছুটে গেছে। রাজগঞ্জ বাসস্ট্যান্ডে একটি বিদ্যুতের পিলার ভেঙে পড়েছে এবং অসংখ্য গাছের বড় বড় ডাল রাস্তায় ভেঙে পড়ে চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে। অনেক আধাপাকা ঘরের টিনের ছাউনি উড়ে গেছে। রাজগঞ্জ বাজারে বিরিয়ানি দোকানদার তারেক বলেন, ঝড়টা এত হঠাৎ করে এসেছে যে কিছু বুঝে ওঠার আগেই সব এলোমেলো হয়ে গেছে। আমার পাকঘরের টিনের চাল উড়ে গেছে। এতে ফ্রিজসহ অনেক ক্ষতি হয়েছে। স্থানীয় আরেক বাসিন্দা হাফিজুর রহমান জানান, ঝড়ের কবলে পড়ে বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ায় ক্ষতিগ্রস্ত রাজগঞ্জ এলাকায় বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে। দ্রুত সংস্কারের দাবি জানাচ্ছি। স্থানীয় জনপ্রতিনিধিরা এই ক্ষতির সত্যতা নিশ্চিত করেছেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়