৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

গায়ক জুবিন নটিয়ালের বিয়ের গুঞ্জন

প্রতিদিনের ডেস্ক:
বলিউডের অন্যতম জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন নটিয়াল বিয়ের পিঁড়িতে বসেছেন বলে শোনা যাচ্ছে। দীর্ঘদিনের প্রেমিকা তথা শৈশবের বান্ধবীর সঙ্গেই তিনি ঘরোয়া আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন বলে ভারতের একাধিক সংবাদমাধ্যমে উঠে এসেছে। তবে বিয়ের বিষয়টি নিয়ে জুবিনের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।
সংবাদমাধ্যমগুলোতে বলা হয়েছে, জুবিন নটিয়াল নিজের জন্মস্থান উত্তরাখণ্ডের পাহাড়ি এলাকার এক নির্জন স্থানে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন। কোনো ধরনের জাঁকজমক ছাড়াই অত্যন্ত সাধারণ ও ঘরোয়া পরিবেশে এই বিয়ের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে দুই পরিবারের সদস্য ও গায়কের হাতেগোনা কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু উপস্থিত ছিলেন বলে জানা গেছে।
বরাবরই ব্যক্তিগত জীবন আড়ালে রাখতে পছন্দ করা এই শিল্পী প্রচারের আলো থেকে দূরে থাকতেই এমন নিরিবিলি পরিবেশ বেছে নিয়েছেন। এদিকে জুবিনের স্ত্রীর পরিচয় নিয়ে ভক্তদের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হলেও এখন পর্যন্ত তার নাম বা ছবি প্রকাশ্যে আনা হয়নি। তবে চলতি বছরের ভালোবাসা দিবসে জুবিন তার ইনস্টাগ্রামে এক তরুণীর সঙ্গে অস্পষ্ট ছবি শেয়ার করেছিলেন, যা নিয়ে তখন থেকেই তাদের সম্পর্কের গুঞ্জন চলছিল। জুবিনের ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে, তিনি সবসময়ই চেয়েছিলেন সাবেকি রীতিতে প্রিয়জনদের মাঝে জীবন শুরু করতে, তাই বড় কোনো অনুষ্ঠান করেননি। ২০১১ সালে একটি রিয়েলিটি শো দিয়ে ক্যারিয়ার শুরু করা জুবিন নটিয়াল বর্তমানে বলিউডের অন্যতম একজন প্লেব্যাক গায়ক। ‘ফির চালা’, ‘হামনাভা মেরে’, ‘তুম হি আনা’র মতো গান দিয়ে শ্রোতাদের মন জয় করেছেন তিনি।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়