৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

হরমুজ প্রণালিতে চলাচলের জন্য নতুন শর্ত দিল ইরান

প্রতিদিনের ডেস্ক:
হরমুজ প্রণালিকে ঘিরে ‘নতুন সামুদ্রিক ব্যবস্থা’ চালুর ইঙ্গিত দিয়েছে ইরান। দেশটির জাতীয় নিরাপত্তা কমিটির প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, ‘হরমুজ প্রণালিতে নতুন নৌ-ব্যবস্থা মেনে চলার সময় এসেছে।’
ইব্রাহিম আজিজি জানান, প্রস্তাবিত এই ব্যবস্থার আওতায় নির্ধারিত রুট দিয়ে চলাচলের ক্ষেত্রে কেবলমাত্র আইআরজিসি নৌবাহিনীর অনুমোদনপ্রাপ্ত বাণিজ্যিক জাহাজগুলোই প্রণালি অতিক্রম করতে পারবে। পাশাপাশি এসব জাহাজকে নির্ধারিত টোল বা ফি পরিশোধ করতে হবে। আজিজি সতর্ক করে বলেন, ‘যুক্তরাষ্ট্র যদি ইরানি জাহাজগুলোর জন্য কোনো ধরনের বিঘ্ন সৃষ্টি করার চেষ্টা করে, তাহলে পরিস্থিতি সহজেই পরিবর্তন করা যেতে পারে।’এদিকে, ইরানের সামরিক সদর দপ্তর খাতাম আল-আম্বিয়া এক বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্র যত দিন পর্যন্ত ইরানি জাহাজের অবাধ চলাচলের ওপর আরোপিত সীমাবদ্ধতা প্রত্যাহার না করবে, তত দিন হরমুজ প্রণালিতে বর্তমান কঠোর নিয়ন্ত্রণ ব্যবস্থা বহাল থাকবে।
বিশ্লেষকদের মতে, ইরানের পক্ষ থেকে একদিকে কঠোর অবস্থান, অন্যদিকে শর্তসাপেক্ষ বার্তায় এক ধরনের ‘মিশ্র সংকেত’ পাওয়া যাচ্ছে। যুক্তরাষ্ট্রের আরোপিত অবরোধ নিয়ে অসন্তোষের পাশাপাশি প্রণালিতে টোল ও ট্রানজিট চার্জ আরোপের বিষয়টিও নতুন নয়; সাম্প্রতিক সময়েই ইরানের শীর্ষ নেতৃত্ব এ ধরনের ব্যবস্থার ইঙ্গিত দিয়েছিল। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রণালিকে ঘিরে ইরান আঞ্চলিক নিরাপত্তা, জ্বালানি বাজার এবং ভবিষ্যৎ কূটনৈতিক দর-কষাকষিতে একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চাইছে বলেও মনে করছেন বিশ্লেষকেরা।

 

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়