৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

মিরপুরে গার্মেন্ট ব্যবসায়ীকে গুলি, কোটি টাকা চাঁদা দাবি

প্রতিদিনের ডেস্ক:
রাজধানীর মিরপুরে এক গার্মেন্ট ব্যবসায়ীর কাছে এক কোটি টাকা চাঁদা দাবি করে না পেয়ে গুলি ছুড়েছে সন্ত্রাসীরা। পরে প্রমাণ নষ্ট করতে কারখানার সিসিটিভি ক্যামেরাও খুলে নিয়ে যায় তারা।শনিবার (১৮ এপ্রিল) বিকেল সাড়ে ৬টার দিকে মিরপুর-১৩ নম্বরের পশ্চিম বাইশটেকি এলাকায় অবস্থিত ‘এ কে এম অ্যাপারেলস’ নামের একটি পোশাক কারখানায় এ ঘটনা ঘটে।রোববার (১৯ এপ্রিল) গার্মেন্ট মালিক কামরুল ইসলাম রাজধানীর কাফরুল থানায় একটি মামলা করেন।মামলায় অজ্ঞাতনামা ১২ থেকে ১৩ জনকে আসামি করা হয়েছে।
মামলা ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, শনিবার কামরুল ইসলাম তার কারখানার অফিসে অবস্থান করছিলেন।বিকেলের দিকে ১২-১৩ জনের একটি দল জোরপূর্বক অফিসে ঢুকে তার কাছে এক কোটি টাকা চাঁদা দাবি করে। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সন্ত্রাসীরা পিস্তল বের করে তাকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছোড়ে।গুলির একটি কামরুল ইসলামের বাম কানের পাশ ঘেঁষে পেছনে থাকা ফাইল কেবিনেটের গ্লাসে আঘাত করলে সেটি ভেঙে যায়। অন্য গুলিটি তার পেছনের দেয়ালে লাগে। এসময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। যাওয়ার আগে তারা তিন দিনের মধ্যে এক কোটি টাকা না দিলে হত্যার হুমকি দেয়।ভুক্তভোগী কামরুল ইসলাম জানান, ঘটনার পর পুলিশ এসে গুলির খোসা ও বুলেট উদ্ধার করেছে।কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, এ ঘটনায় মামলা হয়েছে ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়