প্রতিদিনের ডেস্ক:
জুলাই আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর মিরপুর মডেল থানার দেলোয়ার হোসেন নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগের মামলায় গ্রেফতার ডিজিএফআইয়ের বহিস্কৃত কর্মকর্তা মো. আফজাল নাছেরকে আবারও তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।সোমবার (২০ এপ্রিল) তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলমএই আদেশ দেন। এ নিয়ে তাকে সাত দফায় রিমান্ডে নেওয়া হলো। রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী বিষয়টি নিশ্চিত করেন।ছয় দফায় ২১ দিনের রিমান্ড শেষে আসামিকে আদালতে হাজির করে পুনরায় পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও ডিবি পুলিশের উপপরিদর্শক কফিল উদ্দিন।রিমান্ড আবেদনে বলা হয়, আসামি মামলার ঘটনার বিষয়ে পর্যাপ্ত তথ্য গোপন রেখে বিছিন্ন কিছু তথ্য দিয়েছে। এর ফলে তাকে আবার রিমান্ডে নেওয়া প্রয়োজন। মামলার মূল রহস্য উদঘাটন, ডিসিস্টকে হত্যার সময় জড়িত আসামিদের কার কী কী ভূমিকা ছিল? হত্যাকাণ্ডে প্রকৃতপক্ষে কে কে জড়িত ছিল? জিজ্ঞেসাবাদের জন্য তার পাঁচ দিনের রিমান্ড প্রয়োজন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।গত ৩০ মার্চ ভোরে রাজধানীর মিরপুর ডিওএইচএসের ১২ নম্বর সড়কের ৮৬৪ নম্বর বাসা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। এরপর আসামিকে ষষ্ঠ দফায় রিমান্ডে পাঠানো হয়।মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ১৯ জুলাই বিকালে মিরপুর-১০ নম্বর ফলপট্টি এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হামলা চালানো হয়। আসামিরা বিভিন্ন দিক থেকে গুলি ছুড়তে থাকে। এতে আন্দোলনে অংশ নেওয়া দেলোয়ার হোসেন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। প্রথমে তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে এবং পরে শ্যামলীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই বছরের ২১ জুলাই সকাল ৭টা ৪০ মিনিটে মারা যান। এ ঘটনায় ২০২৫ সালের ৬ জুলাই নিহত দেলোয়ার হোসেনের স্ত্রী লিজা বাদী হয়ে মিরপুর মডেল থানায় হত্যা মামলা করেন।

