উত্তম চক্রবর্তী, রাজগঞ্জ
ভয়াবহ কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ এলাকার ঝাঁপা মাধ্যমিক আদর্শ বালিকা বিদ্যালয় ব্যাপক ক্ষয়ক্ষতির হয়েছে। ঝড়ে বিদ্যালয়টির দুটি টিনশেড শ্রেণিকক্ষের চাল সম্পূর্ণ উড়ে গিয়ে লণ্ডভণ্ড হয়ে গেছে শিক্ষা কার্যক্রম। বর্তমানে কোনো বিকল্প ব্যবস্থা না থাকায় কোমলমতি শিক্ষার্থীরা খোলা আকাশের নিচে এবং গাছতলায় বসে ক্লাস করতে বাধ্য হচ্ছে। সরেজমিনে দেখা যায়, তপ্ত রোদে এই প্রচণ্ড গরমের মধ্যেও শিক্ষার্থীরা মাঠের এক কোণে গাছতলায় বসে পাঠ গ্রহণ করছে। শ্রেণিকক্ষগুলো ব্যবহারের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়ায় এবং আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হওয়ায় এমন করুণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দীর্ঘ সময় রোদে বসে থাকায় অনেক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ার ঝুঁকিতে রয়েছে। তবুও পড়াশোনার অদম্য ইচ্ছা নিয়ে তারা বিদ্যালয়ে আসছে। ১৯৯৪ সালে এলাকার কয়েকজন নিবেদিতপ্রাণ শিক্ষকের নিজস্ব অর্থায়ন ও ত্যাগের বিনিময়ে এই প্রতিষ্ঠানটি গড়ে উঠেছিল। অবকাঠামো নির্মাণ থেকে শুরু করে রক্ষণাবেক্ষণ সবকিছুই গত তিন দশক ধরে তারা অত্যন্ত নিষ্ঠার সাথে সামাল দিয়ে আসছেন। কিন্তু এবারের ঝড়ে যে বিশাল আর্থিক ও কাঠামোগত ক্ষতি হয়েছে, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের একক প্রচেষ্টায় কাটিয়ে ওঠা দুঃসাধ্য হয়ে পড়েছে। বিদ্যালয় কর্তৃপক্ষ ও স্থানীয় সচেতন মহলের পক্ষ থেকে জরুরি ভিত্তিতে এই সংকটের সমাধান চাওয়া হয়েছে।শিক্ষার্থীরা যাতে পুনরায় নিরাপদ পরিবেশে ফিরে যেতে পারে, সেজন্য সংশ্লিষ্ট প্রশাসন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং স্থানীয় সংসদ সদস্যের সুদৃষ্টি কামনা করা হয়েছে।

