প্রতিদিনের ডেস্ক:
সংগঠন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব উইং জাতীয় যুবশক্তির সদস্যসচিব ডা. জাহেদুল ইসলাম। গতকাল সোমবার মধ্যরাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে তিনি পদ ছাড়ার ঘোষণা দেন।ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘রাজনৈতিক পথচলা জাতীয় যুবশক্তির সঙ্গে এখানেই শেষ হলো। নতুন রাজনৈতিক পরিচয়ে দেখা হবে ইনশাআল্লাহ।’এনসিপির একটি সূত্র জানিয়েছে, যুবশক্তি ছেড়ে এনসিপিতে যোগ দিচ্ছেন ডা. জাহেদুল। আর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে সদ্য এনসিপিতে যোগ দেওয়া রিফাত রশিদ যুবশক্তির সদস্যসচিব হিসেবে যোগ দেবেন। এর আগে গত বছরের মে মাসে যুবশক্তির আত্মপ্রকাশ ঘটে। এর প্রথম আহ্বায়ক কমিটিতে সদস্য সচিবের দায়িত্ব পান জাহেদুল ইসলাম।
সংগঠন সূত্রে জানা গেছে, সোমবার রাতে যুবশক্তির একটি সাধারণ সভা হয়। এ সভার পরই জাহেদুল ফেসবুকে পোস্টটি দেন বলে জানা গেছে।

