নিজস্ব প্রতিবেদক
ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম বলেছেন, ছাত্রদল প্রত্যেকটা ক্যাম্পাসে পায়ে পাড়া দিয়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে।
সম্প্রতি ক্যাম্পাসে ছাত্রশিবিরের ব্যানার-ফেস্টুন ছেঁড়া হচ্ছে। জুলাই বিপ্লবের শহীদ ওসমান হাদিকে নিয়ে আঁকা গ্রাফিতি মুছে সেখানে আপত্তিকর লেখা দেওয়া হয়েছে। প্রশাসনের কাছে অভিযোগ জানিয়ে ফেরার পথে ছাত্রদলের নেতাকর্মীরা হামলা চালায়। শুক্রবার (২৪ জুলাই) যশোর জেলা পরিষদ মিলনায়তনে সংগঠনের বাছাইকৃত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বক্তব্যে তিনি অভিযোগ করেন, রাষ্ট্র পরিচালনায় ব্যর্থতা, জ্বালানি সংকট ও দ্রব্যমূল্য বৃদ্ধির দায় এড়াতে বিএনপি পরিকল্পিতভাবে ক্যাম্পাসে অস্থিতিশীলতা তৈরি করছে। একইসঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে দলীয় বিবেচনায় নিয়োগ দেওয়া হচ্ছে বলেও দাবি করেন তিনি। সমাজের চলমান অস্থিরতা ও অন্যায় দূর করতে ইসলামী আদর্শ অনুসরণের আহ্বান জানান সাদ্দাম। তিনি বলেন, ক্ষমতার লিপ্সা নয়, বরং আল্লাহর সন্তুষ্টির মাধ্যমে শোষণমুক্ত সমাজ গঠনে ছাত্রশিবির কাজ করে যাচ্ছে। ইসলামী ছাত্রশিবির যশোর জেলা পূর্ব শাখার সভাপতি এম মিনারুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি আবু জাফরের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মাদরাসা সম্পাদক হাফেজ ইসমাইল হোসেন। আরও উপস্থিত ছিলেন যশোর-৫ আসনের সংসদ সদস্য গাজী এনামুল হক, জেলা জামায়াতের সেক্রেটারি আবু জাফর, সহকারী সেক্রেটারি মনিরুল ইসলাম, শিবিরের সাবেক শহর সভাপতি এইচ এম শামীম এবং শহর জামায়াতের সহকারী সেক্রেটারি গাজী মুকিতসহ অন্য নেতৃবৃন্দ।

