১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

সমধারা কবিতা উৎসব ও সাহিত্য পুরস্কার প্রদান

প্রতিদিনের ডেস্ক:
‘ইপসা-সমধারা দ্বাদশ কবিতা উৎসব-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। ২৫ এপ্রিল বিকেলে রাজধানীর ছায়ানট মিলনায়তনে ‘কবিতাই পারে’ স্লোগানকে সামনে রেখে সাহিত্য বিষয়ক ম্যাগাজিন সমধারার উদ্যোগে এ উৎসব অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। কবি ও প্রাবন্ধিক ফরিদ আহমদ দুলালের সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন করেন মুক্তিযোদ্ধা, প্রাবন্ধিক ও কথাসাহিত্যিক হারুন হাবীব। প্রধান আলোচক ছিলেন জাতিসত্তার কবি মুহম্মদ নুরুল হুদা। বিশেষ অতিথি ছিলেন কবি ও প্রাবন্ধিক মজিদ মাহমুদ, কবি নজমুর হেলাল, শিশুসাহিত্যিক রহীম শাহ প্রমুখ।
তিন পর্বের উৎসব পরিচালনা করেন সমধারা সম্পাদক ও প্রকাশক সালেক নাছির উদ্দিন। প্রয়াত কবি সরোজ দেবকে উৎসর্গ করা উৎসবে ২০০ অগ্রজ ও অনুজ কবি-লেখক উপস্থিত ছিলেন। দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী পুরস্কার ও সম্মাননা পেলেন যারা প্রথম পর্বে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা কবির কণ্ঠে স্বরচিত কবিতা পাঠ; আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি শিরোনামে ২০ জন কবিতা পাঠ করেন।
দ্বিতীয় পর্বে ‘সমধারা সাহিত্য পুরস্কার-২০২৬’ গ্রহণ করেন কথাসাহিত্যে কথাসাহিত্যিক ও সাংবাদিক মোস্তফা কামাল, কবিতায় কবি আদ্যনাথ ঘোষ এবং শিশুসাহিত্যে বিজ্ঞানী ও ছড়াকার ধনঞ্জয় সাহা। পুরস্কারপ্রাপ্তদের নগদ অর্থ, পোর্ট্রেট এবং উত্তরীয় দেওয়া হয়।
তৃতীয় পর্বে মোস্তফা কামালের পাঠকপ্রিয় উপন্যাস ‘দেবো খোঁপায় তারার ফুল’ অবলম্বনে কাব্যগীতি নৃত্যনাট্য ‘প্রেমার্ঘ্য নৈবেদ্য’ পরিবেশিত হয়। এটি গ্রন্থনা ও রচনা করেন ফরিদ আহমদ দুলাল। নির্দেশনায় ছিলেন সালেক নাছির উদ্দিন। সমধারা পরিবারের ২৫ শিল্পী এতে অংশ নেন।
অনুষ্ঠানে সমধারা সাহিত্য পুরস্কার ২০২৭ এবং ২০২৮ সালের নাম ঘোষণা করা হয়। আগামীতে সমধারার সৃষ্টিশীল কর্মে সবার সহযোগিতা প্রত্যাশা করেন সমধারা কর্তৃপক্ষ।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়