নিজস্ব প্রতিবেদক, মণিরামপুর
যশোর-৫ (মণিরামপুর) আসনের অ্যাডভোকেট গাজী এনামুল হক এমপি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে এক দিনমজুর কৃষকের ধান কেটে দিলেন। রোববার ফজরের নামাজ বাদ উপজেলার আড়পাতা বিলে গিয়ে কৃষকদের সাথে তাঁরা ধান কাটেন। ধান কাটার মূল উদ্দেশ্য কৃষকদের সহযোগিতায় নানা শ্রেনি-পেশার মানুষকে উৎসাহ প্রদান করা। জানা গেছে, এখন মাঠে মাঠে ধান কাটার ধূম পড়েছে। কিন্তু একদিকে শ্রমিক সংকট অপর দিকে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী চলতি মাসের শেষে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার ধানের বাম্পার ফলন হলেও শ্রমিক সংকট ও অনুকূল আবহাওয়া নিয়ে শংকায় রয়েছেন কৃষককূল। এদিকে উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ মাহমুদা আক্তার জানিয়েছেন, চলতি বোরো মৌসুমে উপজেলায় ২৭ হাজার ১০ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। লক্ষ্যমাত্রাও একই ছিল। সব কিছু অনুকুলে থাকলে প্রায় ১৬ হাজার ২৬০ মেট্রিক টন ধান উৎপাদনের আশা করা হচ্ছে। সংসদ সদস্য এ্যাড গাজী এনামুল হক বলেন, শ্রমিক সংকট ও প্রতিকূল আবহাওয়ার আশংকায় দ্রুত ধান ঘরে তুলতে সব শ্রেনি-পেশার মানুষকে কৃষকের পাশে দাঁড়াতে উৎসাহ প্রদানই তাঁর এই প্রয়াস। ধান কাটার সময় এমপির সাথে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামী নেতা আবু সালেহ মোঃ ওবায়দুল্লাহ সহ স্থানীয় নেতৃবৃন্দ।

