প্রতিদিনের ডেস্ক:
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা ঘিরে রাজ্যজুড়ে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। ফল ঘোষণা বিজেপির অনুকূল আসতে থাকার সঙ্গে সঙ্গে দলটির নেতা-কর্মীদের মারমুখী আচরণের খবর পাওয়া যাচ্ছে।এমনকি রাজ্যের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি দেখেও আক্রমণাত্মক হয়ে পড়েছেন তারা। ‘চোর-চোর’ স্লোগান তুলেছেন গাড়ি লক্ষ্য করে।সোমবার (৪ মে) বিকেল সাড়ে ৩টার কিছু পর মমতা ভবানীপুরে সাখাওয়াত মেমোরিয়াল স্কুলের গণনাকেন্দ্রে পৌঁছানোর পরপরই এ ঘটনা ঘটে।আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন থেকে জানা যায়, সেখানে আগে থেকেই বিজেপি কর্মীদের জটলা ছিল।মমতা পৌঁছানোর আগেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। তার গাড়ি সাখাওয়াত মেমোরিয়ালে পৌঁছাতেই ‘চোর চোর’ স্লোগান তুলতে থাকেন বিজেপি কর্মী-সমর্থকেরা।এর আগে, গণনাকেন্দ্রের অদূরে একটি পেট্রল পাম্পে অবস্থান করছিলেন তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকেরা। সেখানে দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীও উপস্থিত ছিলেন বলে জানা যায়। পরে পুলিশ তৃণমূল কর্মীদের সেখান থেকে সরে যেতে বলে। যদিও ওই সময়ে সুব্রত বক্সী সেখানে ছিলেন কি না, তা স্পষ্ট নয়।এর কিছু পরেই এজেসি বোস রোড ধরে এগিয়ে আসা বিজেপি সমর্থকদের সঙ্গে পুলিশের তর্কাতর্কি শুরু হয়। পরে বিজেপি কর্মী-সমর্থকেরা তৃণমূলের জমায়েতস্থলে পৌঁছে যান। তৃণমূল কর্মীদের পেতে রাখা চেয়ার ভাঙচুরের অভিযোগও ওঠে তাদের বিরুদ্ধে।পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সাখাওয়াত মেমোরিয়াল স্কুলের গণনাকেন্দ্র এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের সংখ্যা বাড়ানো হয়। এ সময়ও বিজেপি সমর্থকেরা মমতার বিরুদ্ধে ‘চোর চোর’ ও ‘গো ব্যাক’ স্লোগান দিতে থাকেন। উপস্থিত পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন এবং বিজেপি সমর্থকদের সেখান থেকে সরিয়ে দেন।এদিকে মমতা বন্দোপাধ্যায়ের ভবানীপুর আসনে মোট ২০ রাউন্ডে গণনা চলছে। প্রতিবেদন লেখা পর্যন্ত ২০টির মধ্যে ১২টি রাউন্ডের ফল ঘোষণা হয়েছে। সকাল থেকেই সেখানে হাড্ডাহাড্ডি লড়াই দেখা গেছে। শুরুতে কখনো মমতা, কখনো তার মূল প্রতিদ্বন্দ্বী বিজেপির শুভেন্দু অধিকারী এগিয়ে ছিলেন। পরে কয়েকটি রাউন্ডে মমতা এগিয়ে গেলেও ব্যবধান কমাতে শুরু করেন শুভেন্দুও। তবে চূড়ান্ত ফল পেতে এখনও অপেক্ষা করতে হবে।এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফল অনুসারে, পশ্চিমবঙ্গে দুই তৃতীয়াংশ আসনে এগিয়ে বিজেপি। যদিও এখনই ফল মানতে নারাজ মমতা।

