শামীম হাসান সুজন, শরণখোলা
শরণখোলা উপজেলায় হিন্দু পরিবারের উপর হামলা করে ঘর ভেঙে জমি দখলের অভিযোগ উঠেছে। শরণখোলা উপজেলার ১ নং ধানসাগর ইউনিয়নের ৭ নং রতিয়া রাজাপুর ওয়ার্ডের মৃতঃ হরশিদ ঢালীর ছেলে রবীন্দ্রনাথের ঢালীর (৪২) সাথে প্রতিবেশী মৃতঃ আব্দুল সত্তার হাওলাদারের ছেলে আব্দুল সোবহান হাওলাদারের (৬২) দীর্ঘদিন জমির মালিকানা নিয়ে দ্বন্দ্ব ছিল। সোমবার সকালে আব্দুল সোবহান হাওলাদার ও তার ছেলে সহ ৩০ থেকে ৪০ জন রবীন্দ্রনাথ ঢালীর বসত ঘরে হামলা করে বসত ঘরের বেড়া চালের টিন ভেঙ্গে ফেলে মূল্যবান জিনিসপত্র সহ নগদ অর্থ লুটপাট করে নিয়ে যায়। এ সময় হামলা চালিয়ে তার স্ত্রী সীমা, মা দুলালী রানী সহ প্রতিবেশীদের আহত করে। খবর পেয়ে শরণখোলা থানার অফিসার ইনচার্জ মোঃ শামিনুল হক ঘটনাস্থলে দ্রুত পুলিশ প্রেরণ করেন। শরণখোলা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদ হাসান ঘটনাস্থলে পরিদর্শন করেন। শরণখোলা উপজেলার ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোঃ মামুন গাজী বলেন, তদন্তের মাধ্যমে দোষীদের আইনগত ব্যবস্থা নিতে হবে। শরণখোলা উপজেলার উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক আলতাফ হোসেন জোমাদ্দার বলেন, যারা এই ঘৃণিত কাজ করেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। শরণখোলা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মহিউদ্দিন বাদল বলেন, যারা হিন্দু পরিবারের উপর হামলা চালিয়েছে তারা যে দলেরই হোক না কেন এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। শরণখোলা থানার সাব ইন্সপেক্টর বিনয় কুমার হালদার বলেন, ‘আমরা ঘটনাস্থলে এসে তদন্ত করছি।’ লিখিত অভিযোগ পেলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। হিন্দু পরিবারের উপর হামলার অভিযোগের বিষয়ে মৃতঃ আব্দুস সাত্তার হাওলাদারের ছেলে সোবহান হাওলাদার ও তার ছেলে মোঃ মিরাজ হাওলাদার বলেন দীর্ঘদিন ধরে আমাদের কেনা জমি জোর পূর্বক ভোগ দখল করছে। আওয়ামী লীগের আমলে আমাদের উপরে হামলা চালিয়ে আমাদেরকে এলাকা ছাড়া করেছে। এখন নাটক করে মিথ্যা অভিযোগ দিয়ে আমাদেরকে এলাকা ছাড়ার ব্যবস্থা করছে।

