নিজস্ব প্রতিবেদক
যশোর শহরের দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে এবার কঠোর অবস্থানে নেমেছে ট্রাফিক পুলিশ। সম্প্রতি যানজট পরিস্থিতি নিয়ে ‘রাতদিন নিউজ’-এ প্রতিবেদন প্রকাশের পর থেকেই শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নজরদারি জোরদার করা হয়েছে। মঙ্গলবার (৫ মে) দুপুরে শহরের ব্যস্ততম এলাকা যশোর সদর হাসপাতাল, দড়াটানা ও আশপাশের বিভিন্ন সড়কে অভিযান চালায় ট্রাফিক পুলিশ। এ সময় নো-পার্কিং জোনে গাড়ি রাখার দায়ে একাধিক চালককে জরিমানা করা হয়। কচুয়া এলাকার বাসিন্দা মিজানুর রহমান নির্ধারিত স্থানের বাইরে গাড়ি পার্কিং করায় তাৎক্ষণিকভাবে ট্রাফিক আইনে শাস্তির মুখোমুখি হন। ট্রাফিক পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, শহরের যানজট কমাতে নো-পার্কিং জোনে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। নিয়ম অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে। এ বিষয়ে ট্রাফিক ইন্সপেক্টর ইউসুফ আলী চৌধুরী বলেন, দড়াটানা ও আশপাশের এলাকায় যানজট নিয়ন্ত্রণে বিশেষ অভিযান শুরু হয়েছে। যত্রতত্র গাড়ি পার্কিংয়ের বিষয়টি কঠোরভাবে নজরদারিতে রাখা হচ্ছে। ইতোমধ্যে একটি মামলা দায়ের করা হয়েছে এবং চালকদের সতর্ক করা হয়েছে। এই অভিযান নিয়মিত চলবে বলেও জানান তিনি। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে অব্যবস্থাপনা ও অনিয়ন্ত্রিত পার্কিংয়ের কারণে শহরের প্রধান সড়কগুলোতে তীব্র যানজট সৃষ্টি হচ্ছিল। ট্রাফিক পুলিশের এই উদ্যোগকে তারা স্বাগত জানিয়েছেন। তবে স্থায়ী সমাধানের জন্য সচেতনতা বৃদ্ধির পাশাপাশি বিকল্প পার্কিং ব্যবস্থারও দাবি জানিয়েছেন নগরবাসী।

