২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

যশোরে অস্ত্রের মুখে যুবককে মারধর করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
যশোরে এক যুবককে অস্ত্রের মুখে জিম্মি করে মারধর এবং এটিএম কার্ড ব্যবহার করে টাকা উত্তোলনের অভিযোগ উঠেছে। এঘটনায় কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী বেনাপোল গয়রা গ্রামের রেজওয়ান কবির (২৫)। অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩ মে রাত ৮টার দিকে রেজওয়ান কবির জেলখানা বেলতলা মোড় থেকে যশোর পলিটেকনিক রোড হয়ে দড়াটানার দিকে যাচ্ছিলেন। এ সময় ঘোপ জেলরোড কবরস্থান পাড়ার শাওন ইসলাম সবুজ, জেলরোড বউ বাজার এলাকার জীবন, কবরস্থান পাড়ার আবির, বউবাজারের রকি ও ঘোপ নওয়াপাড়া রোডের ইমরুলসহ আরও ৩-৪ জন তার পথরোধ করে।
পরবর্তীতে তারা জোরপূর্বক তাকে একটি অন্ধকার স্থানে নিয়ে যায় এবং গলায় ধারালো ছুরি ধরে ভয়ভীতি প্রদর্শন করে মারধর করে। এক পর্যায়ে তার কাছে থাকা মোবাইল ফোন, মানিব্যাগ, নগদ টাকা ও এটিএম কার্ড ছিনিয়ে নেয়। পরে অস্ত্রের মুখে তার কাছ থেকে কার্ডের পিন নম্বর জেনে নিয়ে একটি বুথ থেকে চার দফায় মোট ৮০ হাজার টাকা উত্তোলন করে। এছাড়া তার মানিব্যাগে থাকা সৌদি রিয়াল ও বাংলাদেশি প্রায় ২০ হাজার টাকাও নিয়ে নেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়। সব মিলিয়ে প্রায় ৯০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন ভুক্তভোগী। ঘটনার পর অভিযুক্তরা তাকে প্রাণনাশের হুমকি দিয়ে ছেড়ে দেয়। পরে তিনি আহত অবস্থায় থানায় এসে অভিযোগ দেন। এ বিষয়ে কোতোয়ালি থানার এসআই আল আমিন বলেন, বিষয়টি নিয়ে তারা তদন্ত শুরু করেছেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়