প্রতিদিনের ডেস্ক:
কোনো ম্যাচ সরাসরি সম্প্রচারের সময় টিভি স্ক্রিনে তথ্যগত ভুল নজরে আসা নতুন কিছু নয়। কিন্তু মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে চলমান বাংলাদেশ-পাকিস্তান টেস্টে সম্প্রচারকারী প্রতিষ্ঠান যা করেছে, সেটাকে সাংঘাতিক ভুল না বলে উপায় আছে! আজ বাংলাদেশের প্রথম ইনিংস চলাকালে পাকিস্তানের একাদশ গ্রাফিকস আকারে দেখাতে গিয়ে ভারতের খেলোয়াড়দের নাম দেখানো হয়েছে। সেখানে পাকিস্তানের অধিনায়ক বানিয়ে দেওয়া হয়েছে রোহিত শর্মাকে। একাদশে রাখা হয়েছে শুবমান গিল, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দরদের।
আছেন তিলক বর্মা, শিবম দুবে, জিতেশ শর্মা, রিংকু সিং, রবি বিষ্ণই, অর্শদীপ সিংরাও। তবে মজার ব্যাপার হলো, তাদের কারো এখনো টেস্ট অভিষেক হয়নি।পাকিস্তানের একাদশে ভারতের খেলোয়াড়দের নাম ৭ সেকেন্ড দেখানোর পরই সরিয়ে নেওয়া হয়েছে। তবে ততক্ষণে যা হওয়ার, তা হয়ে গেছে।
সম্প্রচারকারী প্রতিষ্ঠানের এই সাংঘাতিক ভুল দেখে বিস্মিত ক্রিকেটপ্রেমীরা। এ নিয়ে অনেকেই ট্রল করছেন ও মিম বানাচ্ছেন। এখন পর্যন্ত এই ভুল নিয়ে সম্প্রচারকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি।মিরপুরে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৪১৩ রানে অলআউট হয়েছে বাংলাদেশ।
জবাবে পাকিস্তান ১ উইকেটে ১৭৯ রান তুলে দ্বিতীয় দিন শেষ করেছে।

