প্রতিদিনের ডেস্ক:
দেশের সর্বোচ্চ আদালত বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম পরিচালনার জন্য অবকাশকালীন বেঞ্চ গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। অবকাশকালীন ৭টি বেঞ্চ বিচারিক কার্যক্রম পরিচালনা করবে।সুপ্রিম কোর্ট প্রশাসন সূত্রে এমন তথ্য জানা গেছে। বেঞ্চ গঠনসংক্রান্ত প্রধান বিচারপতির সই করা আদেশ সুপ্রিম কোর্টের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে। ২০২৬ সালের ১৩৫ নম্বর গঠনবিধির ক্ষমতাবলে গত বুধবার (২০ মে) প্রধান বিচারপতির সই করা এক প্রজ্ঞাপনে এই বেঞ্চ গঠনের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন পবিত্র ঈদুল আজহা, সরকারি ও সাপ্তাহিক ছুটিসহ আদালতের অবকাশে ২২ মে থেকে ৬ জুন পর্যন্ত সুপ্রিম কোর্টের নিয়মিত বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে।আগামীকাল রোববার (২৪ মে) সকাল সাড়ে ১০টা থেকে ৪ জুন পর্যন্ত এই অবকাশকালীন বেঞ্চসমূহ সুনির্দিষ্ট এখতিয়ার ও অধিক্ষেত্র অনুযায়ী অতীব জরুরি দেওয়ানি, ফৌজদারি, রিট এবং আদিম অধিক্ষেত্রের মামলার শুনানি ও নিষ্পত্তি করবেন। বেঞ্চসমূহ হলো-
১. বিচারপতি মো. খসরুজ্জামান এবং বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের সমন্বয়ে গঠিত বেঞ্চ দেওয়ানি আপিল ও রিভিশন মোশন বেঞ্চ (ডিভিশন বেঞ্চ)।
২. বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী এবং বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ রিট মোশন, ট্যাক্স ও আদালত অবমাননা বেঞ্চ (ডিভিশন বেঞ্চ)।
৩. বিচারপতি মো. খায়রুল আলম এবং বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ ফৌজদারি মোশন ও আপিল বেঞ্চ-১ (ডিভিশন বেঞ্চ)।
৪. বিচারপতি এস এম মনিরুজ্জামান এবং বিচারপতি মো. মনজুর আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চ রিট মোশন ও ট্যাক্স সংক্রান্ত বেঞ্চ-২ (ডিভিশন বেঞ্চ)।
৫. বিচারপতি মো. আলী রেজার একক বেঞ্চ হবে দেওয়ানি একক বেঞ্চ (অনূর্ধ্ব ৬ কোটি টাকা)।
৬. বিচারপতি মো. বশির উল্লাহর বেঞ্চ ফৌজদারি একক বেঞ্চ (দুদক ও মানি লন্ডারিং ব্যতীত)।
৭. বিচারপতি মো. তৌফিক ইনামের বেঞ্চ আদিম অধিক্ষেত্র, কোম্পানি ও অ্যাডমিরালটি বেঞ্চ (একক বেঞ্চ)।

