২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

শপথের ৩ দিনের মাথায় ভারতীয় মন্ত্রীর পদত্যাগ

প্রতিদিনের ডেস্ক:
নিজের পছন্দের দপ্তর না পাওয়ার অভিযোগ তুলে শপথ নেয়ার মাত্র ৩ দিনের মাথায় মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেছেন কংগ্রেস নেতা রামালিঙ্গা রেড্ডি। এতে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকের নতুন সরকার গঠনের তিন দিনের মাথায় বড় ধরনের অস্বস্তিকর পরিস্থিতিতে পড়েছেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার।
রামালিঙ্গা রেড্ডির দাবি, মুখ্যমন্ত্রী নিজেই তাকে বেঙ্গালুরু উন্নয়ন দপ্তর দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তাকে সেচ মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, গত বুধবার কর্ণাটকের নতুন মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নিয়েছিলেন রামালিঙ্গা রেড্ডি। এর তিনদিন পর আজ শুক্রবার পদত্যাগপত্র জমা দেন তিনি।
দপ্তর বণ্টন নিয়ে অসন্তুষ্ট হয়েই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।
নিজের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে রেড্ডি বলেন, ‘ডি কে শিবকুমার তাকে বেঙ্গালুরু উন্নয়ন দপ্তরের দায়িত্ব দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু পরে তাকে সেচ মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়, যা তার কাছে গ্রহণযোগ্য ছিল না।’রেড্ডি বলেন, ‘মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার আগে ডি কে শিবকুমার আমার বাড়িতে এসেছিলেন। তিনি বলেছিলেন, আমাকে বেঙ্গালুরুর দায়িত্ব দেয়া হবে।আমি কোনও নির্দিষ্ট দপ্তর চাইনি, তিনিই প্রস্তাব দিয়েছিলেন এবং আমি তাতে সম্মতি জানিয়েছিলাম।’প্রতিশ্রুতির বিষয়ে তিনি আরো বলেন, মুখ্যমন্ত্রী তাকে দুবার একই প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু পরে তাকে সেচ মন্ত্রণালয় দেয়া হয়।’এটি মেনে নিতে পারেননি উল্লেখ করে রেড্ডি বলেন, ‘এ কারণেই আমি মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছি।’তিনি আরও ঘোষণা দেন, এখন তার পছন্দের কোনও দপ্তর দেয়া হলেও তিনি ডি কে শিবকুমারের মন্ত্রিসভায় আর যোগ দেবেন না।
তার ভাষায়, ‘এখন যদি আমাকে বেঙ্গালুরু উন্নয়ন দপ্তরও দেয়া হয়, তবুও আমি তা গ্রহণ করব না। আমি বিধায়ক হিসেবে কাজ করব এবং কংগ্রেসের সঙ্গেই থাকব।’প্রসঙ্গত, এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার তার ১৩ সদস্যের মন্ত্রিসভার দপ্তর বণ্টন করেন। সূত্রগুলো জানিয়েছে, রামালিঙ্গা রেড্ডি বেঙ্গালুরু উন্নয়ন দপ্তর পাওয়ার বিষয়ে অনড় ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তাকে সেই দায়িত্ব দেয়া হয়নি।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়