প্রতিদিনের ডেস্ক:
উচ্চ মূল্যের টিকিট, যাতায়াত ও আবাসন নিয়ে অসন্তোষের পর এবার পানীয় জল নিয়ে ব্যবসা করার অভিযোগ উঠেছে ফিফার বিরুদ্ধে। ২০২৬ ফুটবল বিশ্বকাপের ভেন্যুতে দর্শকদের পানির বোতল বহনে নিষেধাজ্ঞা দিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছিল বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। তবে সমর্থক ও বিশ্বনেতাদের প্রতিবাদের মুখে শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য হয়েছে তারা।
গত শুক্রবার রাতে ফিফা এক বিজ্ঞপ্তিতে জানায়, তীব্র গরমের কথা বিবেচনা করে দর্শকরা এখন থেকে সর্বোচ্চ ২০ আউন্স (৫৯০ মিলি) ধারণক্ষমতার একটি নরম প্লাস্টিকের সিলগালা করা ও একবার ব্যবহারযোগ্য বোতল সাথে নিয়ে স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন। তবে নিরাপত্তার স্বার্থে শক্ত আবরণযুক্ত পুনঃব্যবহারযোগ্য বোতল বহনের ওপর নিষেধাজ্ঞা বহাল থাকছে।এর আগে খেলোয়াড়দের সুরক্ষার অজুহাতে বিশ্বকাপের ১৬টি ভেন্যুতেই পানির বোতল নিয়ে প্রবেশ নিষিদ্ধ করেছিল ফিফা। কিন্তু জুন-জুলাইয়ের তীব্র গরমে এমন সিদ্ধান্তকে ‘টাকা হাতিয়ে নেওয়ার কৌশল’ হিসেবে আখ্যা দেন সমর্থকরা। এমনকি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং টরন্টোর মেয়র অলিভিয়া চোউ এটিকে ফিফার নিছক ‘টাকা কামানোর জঘন্য ফন্দি’ বলে তীব্র সমালোচনা করেন। অনেকেই বলছিলেন, ‘ওরা শুধু টাকা চেনে!’।উল্লেখ্য, আগামী ১১ জুন থেকে উত্তর আমেরিকার তিন দেশ—যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় শুরু হতে যাচ্ছে বিশ্বকাপের ২৩তম আসর।

