নিজস্ব প্রতিবেদক
“সচেতন হোন, অন্যকে সচেতন করুন” এই প্রতিপাদ্যে ডেঙ্গু প্রতিরোধে যশোরে সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জেলা প্রশাসন যশোর ও পৌরসভার সহযোগিতায় জেলা সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে র্যালির উদ্বোধন করেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। র্যালিটি সিভিল সার্জন কার্যালয় থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। এ সময় ডেঙ্গুর বাহক এডিস মশা নিয়ন্ত্রণে শহরের বিভিন্ন ড্রেনে মশা নিধন স্প্রে কার্যক্রম পরিচালনা করা হয়। উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান বলেন, বর্ষাকালে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগের সংক্রমণ বৃদ্ধি পায়। এ বিষয়ে জনগণকে সচেতন করা হয়েছে। তবে শুধু সচেতনতা নয়, যারা পরিবেশ অপরিচ্ছন্ন রেখে এ ধরনের রোগ বিস্তারে অবহেলা করবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি জানান, আজ থেকেই জেলা প্রশাসনের পক্ষ থেকে পরিষ্কার-পরিচ্ছন্নতায় অবহেলাকারীদের বিরুদ্ধে অভিযান শুরু হবে। এ সময় তিনি যশোরবাসীর প্রতি নিজ নিজ বাড়ির আঙিনা, ছাদ ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান, যাতে কোথাও জমে থাকা পানিতে এডিস মশার প্রজনন না ঘটে।

