নিজস্ব প্রতিবেদক
যশোরের শার্শার বেনাপোলে নিজ বাসভবনে হামলা ও গুলিবর্ষণের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন বেনাপোলের ব্যবসায়ী সোহাগ হোসেন। রোববার দুপুরে প্রেসক্লাব যশোরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, পূর্বের একটি ব্যবসায়িক বিরোধের জেরে পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে এ হামলা চালানো হয়েছে। লিখিত বক্তব্যে সোহাগ হোসেন জানান, গত ৫ জুন রাত ১০টার দিকে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে ভাড়া বাসায় অবস্থান করছিলেন। এ সময় ১০ থেকে ১২ জনের একটি সংঘবদ্ধ দল তার বাসার সামনে এসে তাকে উদ্দেশ্য করে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেয়। একপর্যায়ে তারা ঘরের জানালা ও দরজা লক্ষ্য করে পরপর কয়েক রাউন্ড গুলি ছোড়ে। তিনি বলেন, হামলাকারীদের ছোড়া একটি গুলি জানালার কাচ ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে দেয়ালে আঘাত করে। এছাড়া আরও কয়েকটি গুলি ঘরের বিভিন্ন স্থানে লাগে। তবে তিনি ও তার পরিবারের সদস্যরা অক্ষত থাকেন। সংবাদ সম্মেলনে সোহাগ হোসেন অভিযোগ করেন, পরিকল্পিতভাবে তাকে হত্যার চেষ্টা করা হয়েছে। ঘটনার পর থেকে তার পরিবার চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে। তিনি আরও জানান, স্থানীয়দের খবরে বেনাপোল পোর্ট থানা পুলিশ ঘটনাস্থলে এসে গুলির খোসাসহ বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। বাসার আশপাশ ও এলাকার বিভিন্ন স্থানে থাকা সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করলে হামলাকারীদের শনাক্ত করা সম্ভব হবে বলেও তিনি দাবি করেন। সংবাদ সম্মেলনে আইয়ুব হোসেন, সোহাগ হাসান ও রফিকুল ইসলাম রয়েল উপস্থিত ছিলেন।

