২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

বেনাপোলে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

আনিছুর রহমান, বেনাপোল
যশোরের বেনাপোল পৌরসভার ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসরাফিল সরদার, তার ছেলে ও ভাতিজাদের বিরুদ্ধে দায়ের করা মামলাটিকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে তীব্র প্রতিবাদ জানিয়েছে বেনাপোল পৌরসভা বিএনপির ৯টি ওয়ার্ডের নেতৃবৃন্দ। রোববার বিকাল সাড়ে ৫টায় বেনাপোল ছোট আঁচড়া বিএনপির দলীয় কার্যালয়ে এক যৌথ সংবাদ সম্মেলনের মাধ্যমে বেনাপোল পৌরসভার সকল (৯টি) ওয়ার্ডের বিএনপি সভাপতি ও সাধারণ সম্পাদকগণ এই প্রতিবাদ জানান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বেনাপোল ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুস সবুর।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, একটি বিশেষ মহল রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার হীন উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই মিথ্যা মামলা দায়ের করেছে। নেতৃবৃন্দ দাবি করেন, ঘটনার দিন বিকেলে ইসরাফিল সরদারের ছেলে ও ভাতিজারা একটি ব্যক্তিগত বিষয় নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তির অফিসে গেলেও সেখানে কাউকে না পেয়ে তারা ফিরে আসেন। কিন্তু পরবর্তীতে রাতের বেলা একটি হামলা ও গুলিবর্ষণের ঘটনা সাজিয়ে রহস্যজনক ও প্রশ্নবিদ্ধভাবে তাদের নাম জড়ানো হয়েছে। সংবাদ সম্মেলনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়ে ৪ দফা দাবি পেশ করা হয়: ১. ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত করতে হবে। ২. এলাকার সিসিটিভি ফুটেজ ও ডিজিটাল তথ্য-উপাত্ত (মোবাইল ফোনের লোকেশন ও অন্যান্য প্রযুক্তিগত তথ্য) সঠিকভাবে যাচাই করতে হবে। ৩. সিসিটিভি ফুটেজ যাচাইয়ের মাধ্যমে প্রকৃত অপরাধীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। ৪. সম্পূর্ণ নিরপরাধ ব্যক্তিদের এই হয়রানিমূলক মিথ্যা মামলা থেকে অবিলম্বে অব্যাহতি দিতে হবে। কে বা কারা গুলি চালিয়েছে, এমন প্রশ্নের জবাবে আব্দুস সবুর বলেন, আইনশৃঙ্খলা বাহিনী নিরপেক্ষভাবে তথ্য-প্রযুক্তি ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করলে প্রকৃত ঘটনা এবং আসল অপরাধীদের পরিচয় বেরিয়ে আসবে। কোনো নিরপরাধ ব্যক্তি যেন রাজনৈতিক বা ব্যক্তিগত প্রতিহিংসার শিকার না হন, তা নিশ্চিত করার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানানো হয়।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়