প্রতিদিনের ডেস্ক:
রাজধানীর নিউমার্কেট থানায় দায়ের করা ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় অর্থনীতিবিদ ও জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান ড. আবুল বারাকাতের জামিন নামঞ্জুর করেছেন আদালত।সোমবার (১৫ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন শুনানি শেষে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন।আদালত সূত্র জানায়, আসামিপক্ষে ব্যারিস্টার সারা হোসেন জামিনের আবেদন উপস্থাপন করেন। শুনানি শেষে আদালত আবেদনটি খারিজ করে দেন। ফলে ড. আবুল বারাকাতকে কারাগারেই থাকতে হচ্ছে।এর আগে, গতকাল রোববার (১৪ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলামের আদালত একই মামলায় তাকে গ্রেফতার দেখানোর আদেশ দেন। পুলিশ জানায়, জুলাইয়ের গণঅভ্যুত্থান চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আন্দোলন দমনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীদের আর্থিক সহায়তা এবং বিভিন্ন নির্দেশনা প্রদানের সঙ্গে তার সম্পৃক্ততার তথ্য তদন্তে পাওয়া গেছে।শুনানির সময় ড. বারাকাতকে আদালতে হাজির করা হলে তার পক্ষে আইনজীবী শাহীনুর ইসলাম জামিন আবেদন করেন। পরে আদালত সোমবার ওই আবেদনের শুনানির দিন নির্ধারণ করেন।মামলার নথি অনুযায়ী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে ২০২৪ সালের ১৯ জুলাই রাজধানীর নীলক্ষেত এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। এ ঘটনায় তার শ্যালক আবদুর রব নিউমার্কেট থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের এবং আরও বহুজনকে আসামি করা হয়েছে।

