২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

বিশ্বকাপে মাত্র এক ম্যাচ পরেই বরখাস্ত তিউনিসিয়ার কোচ

প্রতিদিনের ডেস্ক:
২০২৬ ফুটবল বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই বড় বিপর্যয়ের মুখে পড়লো তিউনিসিয়া। মেক্সিকোর মন্তেরিতে গ্রুপ ‘এফ’-এর উদ্বোধনী ম্যাচে সুইডেনের কাছে ৫-১ গোলে বিধ্বস্ত হওয়ার পরদিনই চাকরি হারিয়েছেন দলটির ৫৪ বছর বয়সী ফরাসি-তিউনিসিয়ান কোচ সাব্রি লামুশি।বিশ্বকাপে মাত্র এক ম্যাচ ডাগআউটে থাকার পরেই কোনো কোচের বরখাস্ত হওয়ার ঘটনা টুর্নামেন্টে বেশ আলোড়ন তৈরি করেছে।পরবর্তী ম্যাচের আগে সময় কম থাকায় তিউনিসিয়া ফুটবল কর্তৃপক্ষ নতুন স্থায়ী কোচ না খুঁজে মন্ডের কেবাইয়েরকে অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব দিয়েছে।৫৬ বছর বয়সী কেবাইয়ের এর আগে ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত তিউনিসিয়া জাতীয় দলের প্রধান কোচ ছিলেন এবং গত বছর থেকে দলটির টেকনিক্যাল ডিরেক্টরের ভূমিকা পালন করছিলেন।
মন্তেরিতেই আগামী রোববার সকাল ১০টায় জাপানের বিপক্ষে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে তিউনিসিয়ার ডাগআউটে দাঁড়াবেন তিনি।
এর আগে ২০২১ সালে তার অধীনেই ‘ঈগলস অব কার্থেজ’ খ্যাত তিউনিসিয়া আরব কাপের ফাইনালে উঠেছিল (যদিও আলজেরিয়ার কাছে হেরে রানার্স-আপ হয়) এবং পরের বছর আফ্রিকা কাপ অব নেশনসের (আফকন) কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছিল।বিদায়ের আগে সুইডেন ম্যাচ নিয়ে নিজের হতাশা প্রকাশ করে সাবেক ফরাসি মিডফিল্ডার লামুশি বলেছিলেন, ‘এই হার অত্যন্ত কঠিন এবং বেদনাদায়ক।
এত বড় পরাজয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করা সত্যিই মানা যায় না। আমরা ম্যাচে অনেক বেশি ভুল করেছি, যার চড়া মূল্য দিতে হয়েছে।’
সুইডেন ম্যাচের আগে থেকেই অবশ্য বেশ চাপে ছিলেন লামুশি। বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম্যাচে বেলজিয়ামের কাছে ৫-০ গোলে হেরেছিল তার দল। এছাড়া দলের অফিশিয়াল কেউ না হওয়া সত্ত্বেও কন্ডিশনিং ক্যাম্পে নিজের ছেলেকে রাখার দায়ে গণমাধ্যমের তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছিল তাকে এবং এ নিয়ে মিডিয়াতে নিজের সাফাইও গাইতে হয়েছিল।
গ্রুপ পর্বে তিউনিসিয়ার বাকি দুই প্রতিপক্ষ জাপান ও নেদারল্যান্ডস, যারা ডালাসে নিজেদের প্রথম ম্যাচে ২-২ গোলে রোমাঞ্চকর ড্র করেছে। বাকি ম্যাচগুলো নিয়ে লামুশি বলেছিলেন, ‘আমাদের আত্মসম্মান আছে। ঘুরে দাঁড়ানোর জন্য আমাদের প্রতিক্রিয়া দেখাতে হবে এবং দলের একটা ভালো ছবি ফুটিয়ে তুলতে হবে।’ তবে সেই সুযোগ আর পেলেন না তিনি।পেশাদার ফুটবলার হিসেবে ওক্সের, মোনাকো, পার্মা, ইন্টার মিলান এবং মার্শেইয়ের মতো বিখ্যাত ক্লাবে খেলা লামুশির কোচিং ক্যারিয়ারের শুরুটা হয়েছিল ২০১৪ বিশ্বকাপে আইভরি কোস্টের হাত ধরে। সেবার প্রথম ম্যাচে জাপানকে হারালেও শেষ ম্যাচে গ্রিসের কাছে নাটকীয়ভাবে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছিল তার দলকে।
এর আগে খেলোয়াড় হিসেবেও ১৯৯৮ বিশ্বকাপে ফ্রান্সের মূল স্কোয়াড থেকে শেষ মুহূর্তে কোচ এইমে জ্যাকেট তাকে বাদ দেওয়ায় ঘরের মাঠে ফরাসীদের ঐতিহাসিক বিশ্বকাপ জয়ের অংশ হতে পারেননি তিনি। পরবর্তীতে নটিংহাম ফরেস্ট ছাড়াও কাতার, কার্ডিফ সিটি এবং সৌদি আরবের বিভিন্ন ক্লাবে সংক্ষিপ্ত সময় কোচিং করানোর পর, গত জানুয়ারিতে আড়াই বছরের চুক্তিতে তিউনিসিয়ার দায়িত্ব নিয়েছিলেন লামুশি। কিন্তু চুক্তি শেষের অনেক আগেই মাত্র এক ম্যাচেই শেষ হলো তার তিউনিসিয়া অধ্যায়।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়