৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

ব্যাটাররা একটু বেশিই তাড়াহুড়ো করেছে’

প্রতিদিনের ডেস্ক:
টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিং ব্যর্থতায় হেরেছে বাংলাদেশ। প্রায় প্রতি ওভারেই আক্রমণ করতে উইকেট ছুঁড়ে দিয়েছেন ব্যাটাররা। ১৩১ রান করলেও বোলাররা যথেষ্ট লড়াই করেছেন, অস্ট্রেলিয়া ম্যাচ জিতেছে ১৯তম ওভারে গিয়ে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশের পেস বোলিং কোচ তালহা জুবায়ের বলেছেন ব্যাটাররা বেশিই তাড়াহুড়ো করেছে।
তিনি বলেন, ‘আমার কাছে যেটা মনে হয়, আমরা একটু তাড়াহুড়ো করেছি। আমাদের পাওয়ারপ্লেটা চমৎকার ছিল, ছয় ওভারে ৫২ রান করেছি। কিন্তু ওখান থেকে আমরা ক্যারি করতে পারিনি। প্রত্যেক ওভারে কিংবা দুই ওভার পরপর একটা করে উইকেট পড়ছিল। ওইখানে আমার মনে হয় আমরা একটু তাড়াহুড়ো করেছি, আমরা অতিরিক্ত বাউন্ডারিতে গিয়েছি।’বাংলাদেশের ব্যাটাররা এত দ্রুত আউট হয়েছেন সবাই যে ইনিংসের সর্বোচ্চ রানের জুটি হয়েছে একাদশতম উইকেটে। মোসাদ্দেক হোসেন সৈকত ৩১ রানের জুটি গড়েন মোস্তাফিজুর রহমানকে নিয়ে। সবমিলিয়ে অন্তত একটা জুটি প্রয়োজন ছিল।
তালহা জুবায়ের বলেন, ‘যেখানে আমরা যদি একটু একটা জুটি গড়তে পারতাম, ৩০-৩৫ রান, এমনকি ৪০ রানের একটা জুটি যদি হতো। কারণ উইকেটটা দেখে যেটা আমরা বুঝেছিলাম, এই উইকেটটা হয়তো ২০০ রানের উইকেট না। কিন্তু যেহেতু পাওয়ারপ্লেতেও ভালো শুরু হয়েছিল, ওইখান থেকেই আমার মনে হয় ব্যাটসম্যানরা একটু ক্যারিড অ্যাওয়ে হয়ে গেছে যে মারলেই লাগছে। কিন্তু সব বল লাগবে না।’
তবে ব্যাটারের আউটের পিছনে বাতাসকেও দায় দিয়েছেন তালহা। তিনি বলেন, ‘বাতাসের একটা ফ্যাক্টর ছিল। ইমন যেটা আউট হয়েছে, ওইটা হয়তো বাতাসের ফ্যাক্টর না হলে অনেক বড় ছক্কা হতো, যেটা মাঠেই রয়ে গেছে। ওই জায়গাটায় আমরা একটু ব্যাকফুটে গিয়েছিলাম। আমরা ৭ থেকে ১৫ ওভারের মধ্যে তিনটা উইকেট হারিয়েছি, যেখানে আমাদের খেলাটা গড়া দরকার ছিল। ওইখানে একটা জুটি দরকার ছিল। ওই জায়গাটায় আমরা একটা ওভার কম খেলেছি।’
শুরুতেই যখন বোঝা গিয়েছে উইকেট একটু স্লো, বড় রানের উইকেট নয় তারপরও ব্যাটাররা অতি আগ্রাসী হয়ে উইকেট ছুড়ে দিলেন! ওই সময়ে ড্রেসিংরুম থেকে ম্যাসেজ দেওয়া হয়েছে কিনা প্রশ্নে তালহা বলেন, ‘অবশ্যই এসব মেসেজ দেওয়া হয়। কেন হবে না? কিন্তু তারপরও আমি বলব, এটা একটা খারাপ দিন ছিল। আমরা সবাই মিলে এর দায়ভার নিচ্ছি। এটা পুরো দলেরই দায়ভার। আমরা সবাই এই দায়ভার নিচ্ছি। তবে আমি আশা করি, এবং আমরা চেষ্টা করব, পরের ম্যাচে আরও শক্তভাবে ঘুরে দাঁড়াতে।’

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়