প্রতিদিনের ডেস্ক:
নাইজারে বিমানবন্দরে গোলাগুলির শব্দ শোনা গেছে। বিবিসিকে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, নাইজারের রাজধানী নিয়ামের বিমানবন্দর থেকে বিস্ফোরণ ও গোলাগুলির শব্দ শোনা গেছে।এক ব্যক্তি বলেন, আমি মসজিদে থাকাকালীন সকাল ৬টায় প্রথম গুলির শব্দ শুনি। তবে বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এক প্রত্যক্ষদর্শী বার্তা সংস্থা এএফপিকে বলেন, দুই ঘণ্টা ধরে চলা এই গোলাগুলি বিমানবন্দরের প্রবেশপথ থেকে করা হচ্ছিল।নাইজার এক দশক ধরে জঙ্গি ও বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই করছে এবং জানুয়ারিতে সন্দেহভাজন জিহাদিরা একই বিমানবন্দরে হামলা চালিয়েছিল। প্রতিবেশী দেশ বুরকিনা ফাসো এবং মালির মতো নাইজারও একটি সামরিক জান্তা শাসনের অধীনে রয়েছে।স্থানীয় বাসিন্দারা বিবিসিকে জানিয়েছেন, বৃহস্পতিবারের হামলা সেনাবাহিনী প্রতিহত করেছে এবং এখন তারা পলাতক হামলাকারীদের খুঁজছে। এসব হামলাকারী অস্ত্র ফেলে পালিয়েছে বলে জানা গেছে। কর্তৃপক্ষ এখনো কোনো মন্তব্য করেনি এবং কোনো গোষ্ঠীও এর দায় স্বীকার করেনি। তবে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের একটি সহযোগী সংগঠন এর আগে জানুয়ারিতে চালানো একটি হামলার কথা স্বীকার করেছে।

