প্রতিদিনের ডেস্ক
ইউরোপিয়ান ফুটবলে শোনা যাচ্ছে হ্যারি কেইনের জয়জয়কার। সেখানে যেন এক গোলমেশিনে পরিণত হয়েছেন ইংলিশ ফুটবলার। মাঠে নামলেই করছেন গোল। গোল করতে করতে কেইন ছুটছেন নতুন ইতিহাসের খোঁজে। এবার জার্মান বুন্দেসলিগায় ৬০ বছরের রেকর্ড ভাঙলেন বায়ার্ন মিউনিখের এই স্ট্রাইকার।শনিবার বুন্দেসলিগার ম্যাচে এসভি ডার্মস্টেট এর বিপক্ষে ৫-২ গোলে জয় পেয়েছে বায়ার্ন। এই ম্যাচে একটি গোল করেছেন কেইন। প্রথমার্ধের ইনজুরি সময়ে গোল করে ৬০ বছরের ইতিহাসে নিজেকে নায়ক বানিয়েছেন তিনি।বায়ার্নের হয়ে চলতি মৌসুমে কেইনের গতকালের গোলটি ছিল ৩১তম। ২৬ ম্যাচ খেলে এসব গোল করে জার্মানির সাবেক কিংবদন্তি ফুটবলার উই সিলারের রেকর্ড ভেঙে দিয়েছেন কেইন। গত ৬০ বছরের ইতিহাসে বুন্দেসলিগার এক মৌসুমে এত বেশি গোল করতে পারেননি আর কোনো ফুটবলার। এর আগে ১৯৬৩-৬৪ মৌসুমে সর্বোচ্চ ৩০ গোলের রেকর্ড করেছিলেন সিলার। এর আগে গেল মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগের দল টটেনহ্যাম হস্টপারের হয়েও এক মৌসুমে ৩০ গোল করেছিলেন কেইন। এবার নিজের সেই রেকর্ডও ভেঙেছেন ইংলিশ তারকা ফুটবলার।

