৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

বেনাপোলে গৃহবধূর বিরুদ্ধে অপপ্রচার

আনিছুর রহমান, বেনাপোল
বেনাপোলের সীমান্তবর্তী এলাকায় জমি সংক্রান্ত পারিবারিক বিরোধের জের ধরে এক নিরপরাধ গৃহবধূর বিরুদ্ধে মিথ্যা অপবাদ ও চরিত্র হননের অপচেষ্টার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী গৃহবধূ মোছাঃ ছায়েরা খাতুন আজ বিকেলে স্থানীয় সাংবাদিকদের কাছে এ বিষয়ে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন। ভুক্তভোগী জানান, তার শ্বশুর রহমত আলী এবং চাচা শ্বশুর নাসির উদ্দিনের মধ্যে দীর্ঘদিনের পারিবারিক ও জমিজমা সংক্রান্ত বিরোধ চলছে। এই ব্যক্তিগত বিরোধের জেরে নাসির উদ্দিন তার প্রভাব খাটিয়ে মোছাঃ ছায়েরা খাতুনকে জড়িয়ে বিভিন্ন ভিত্তিহীন ও মানহানিকর তথ্য ছড়াচ্ছেন। অভিযোগ রয়েছে, বাংলাদেশের প্রচলিত আইনের তোয়াক্কা না করে ছায়েরা খাতুনকে জড়িয়ে ‘মাদক ব্যবসা’ ও ‘অসামাজিক কার্যকলাপের’ মতো গুরুতর ও মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে। ভুক্তভোগী ছায়েরা খাতুন আবেগপ্রবণ কণ্ঠে বলেন, “আমি একজন সাধারণ গৃহবধূ। সাংসারিক জীবন নিয়ে আমি ব্যস্ত থাকি। পারিবারিক এই জমি সংক্রান্ত বিরোধের সঙ্গে আমার বিন্দুমাত্র কোনো সম্পর্ক নেই। শুধুমাত্র আমাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করে মানসিকভাবে বিপর্যস্ত করার জন্য আমার চাচা শ্বশুর উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার বিরুদ্ধে এই মিথ্যা প্রচারণা চালাচ্ছেন। আমি একজন সৎ মানুষ হিসেবে সমাজে জীবনযাপন করছি; এই অপবাদ আমাকে চরম সামাজিক ও মানসিক পরিস্থিতির মুখে ঠেলে দিয়েছে।” এ বিষয়ে ভুক্তভোগী ছায়েরা খাতুন প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন এবং মিথ্যা প্রচারণার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন। তিনি আশা প্রকাশ করেন যে, প্রকৃত সত্য উদঘাটিত হবে এবং তিনি তার হারানো সামাজিক সম্মান ফিরে পাবেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়