চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গায় পৃথক দুটি মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। এর মধ্যে দামুড়হুদা উপজেলার দুধপাতিলা গ্রামে রেল ক্রসিং পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে দুজন মোটরসাইকেল আরোহী নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন। অন্যদিকে, আলমডাঙ্গায় ট্রাকের ধাক্কায় প্রাণ হারিয়েছেন আরো এক মোটরসাইকেল চালক। রেল ক্রসিংয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহতরা হলেন- উপজেলার দর্শনা থানার গড়াইটুপি ইউনিয়নের ষড়াবাড়িয়া গ্রামের রফিকুলের ছেলে রাজ (২৬) ও সদর থানার কতুবপুর ইউনিয়নের মর্তুজাপুর গ্রামের তাহের আলীর ছেলে আব্দু্ল্লাহ আল মামুন (২৫)। আহত আব্দুল কাদের দামুড়হুদা থানার ডুগডুগি গ্রামের রইদুলের ছেলে। দুর্ঘটনায় তার একটি পা বিচ্ছিন্ন হয়ে গেছে। তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় ও আহতের পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে আব্দুল কাদেরের সঙ্গে দেখা করতে আসা চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ এলাকার দুই বন্ধু কাদেরকে নিয়ে একটি মোটরসাইকেলে চড়ে একসঙ্গে ঘুরতে বের হয়েছিলেন। সন্ধ্যা ৬টার দিকে তারা দামুড়হুদার দুধপাতিলা রেল ক্রসিং পার হচ্ছিলেন। এ সময় খুলনা থেকে ছেড়ে আসা ‘মহানন্দা মেইল’ ট্রেন তাদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই দুই বন্ধুর মৃত্যু হয়। এ সময় মোটরসাইকেলে থাকা অপর বন্ধু আব্দুল কাদেরের পা কেটে শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে তিনি গুরুতর জখম হন। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ছুটে এসে আহত কাদেরকে উদ্ধার করে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে। দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মেসবাহ উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ও রেলওয়ে কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছেছে। নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এদিকে, একই দিন রাত ১০টার দিকে আলমডাঙ্গা শহরের সাদা ব্রিজ নামক স্থানে অপর একটি দুর্ঘটনা ঘটে। একটি দ্রুতগামী ট্রাক বিপরীতমুখী একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই চালক নিহত হন।নিহত মোটরসাইকেল চালকের নাম হাবিবুর রহমান (৪৪)। তিনি কুষ্টিয়া সদর থানার মাঝিলা গ্রামের আলী আকবরের ছেলে। পুলিশ ঘাতক ট্রাকটিকে জব্দের চেষ্টা চালাচ্ছে বলে জানা গেছে।

