কাঁঠাল বিচি ও পাটশাক ভাজা, গ্রামবাংলার স্বাদের পুষ্টিকর পদ

প্রতিদিনের ডেস্ক:
বর্ষা ও গ্রীষ্ম মৌসুমে সহজলভ্য কাঁঠালের বিচি এবং পাটশাক দিয়ে তৈরি করা যায় দারুণ সুস্বাদু ও পুষ্টিকর একটি ভাজি। স্বল্প উপকরণে রান্না করা এই পদটি ভাতের সঙ্গে খেতে যেমন মজাদার, তেমনি শরীরের জন্যও উপকারী। চিংড়ি ও নারকেলের হালকা স্বাদ খাবারটিকে করে তোলে আরও আকর্ষণীয়।
উপকরণ: পাটশাক ২ আঁটি, পরিষ্কার করা কাঁঠালের বিচি ১০-১৫টি, নারকেল বাটা ২ টেবিল চামচ, চিংড়ি মাছ ২ টেবিল চামচ, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, রসুন কুচি ১ চা চামচ, কাঁচামরিচ (ফালি) ৪-৫টি, বোম্বাই মরিচ কুচি আধা কাপ, হলুদ গুঁড়া আধা চা চামচ, লবণ স্বাদমতো এবং তেল প্রয়োজনমতো।
প্রণালি: প্রথমে কাঁঠালের বিচিগুলো পরিষ্কার করে পাতলা করে কেটে নিন। পাটশাক ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে কুচি করে রাখুন।চুলায় কড়াই বসিয়ে তেল গরম করুন। এরপর পেঁয়াজ কুচি, রসুন কুচি, নারকেল বাটা, চিংড়ি মাছ, হলুদ গুঁড়া ও লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নিন।মসলা কষানো হয়ে গেলে কাঁঠালের বিচি এবং আধা কাপ পানি দিয়ে ঢেকে দিন। বিচি সেদ্ধ হয়ে এলে পাটশাক, কাঁচামরিচ ও বোম্বাই মরিচ কুচি যোগ করে ভালোভাবে নাড়তে থাকুন।সব উপকরণ ও মসলা একসঙ্গে মিশে ভাজা ভাজা হয়ে এলে চুলা থেকে নামিয়ে নিন।গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন সুস্বাদু কাঁঠাল বিচি ও পাটশাক ভাজা।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়