রাজগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

উত্তম চক্রবর্তী, রাজগঞ্জ
যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জের মশ্বিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে বাবাকে বিদ্যুৎস্পৃষ্ট অবস্থায় উদ্ধার করতে গিয়ে আব্দুল মান্নান (৩০) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২৮ জুন ২০২৬) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল মান্নান পার্শ্ববর্তী ঝিকরগাছা বাজারে একটা ব্যাংকে চাকরি করতেন। স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আব্দুল মান্নানের বাবা কৃষক সাজ্জাদ আলী বাড়ির পাশের একটি বৈদ্যুতিক মোটরে কাজ করছিলেন। কাজ করার একপর্যায়ে অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। বাবাকে ওই অবস্থায় দেখে আব্দুল মান্নান দ্রুত তাকে উদ্ধার করতে এগিয়ে যান। কিন্তু তিনিও বিদ্যুতের সংস্পর্শে এসে ঘটনাস্থলেই মারা যান। ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য আবু হাসান জানান, আব্দুল মান্নানের মরদেহ এখনও দাফন করা হয়নি। নিহতের স্বজনরা বর্তমানে থানায় রয়েছেন। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ দাফন করা হবে। এ মর্মান্তিক ঘটনায় হাজরাকাটি গ্রামসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহারে আরও সতর্কতা অবলম্বন এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়