নিজস্ব প্রতিবেদক
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের গলা ও কান থেকে স্বর্ণালঙ্কার কৌশলে চুরি করে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। শনিবার (২৭ জুন) বিকেল ৫টা থেকে সাড়ে ৫টার মধ্যে হাসপাতালের গাইনি ওয়ার্ডে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী রওশন আরা বেগম (৪৫),মনিরামপুর উপজেলার তেতুলিয়া গ্রামের বাসিন্দা। অভিযোগে জানা যায়, রওশন আরা বেগম হাসপাতালের দ্বিতীয় তলায় বসে ছিলেন। এ সময় অজ্ঞাতপরিচয় এক নারী তার পাশে বসে কথাবার্তার একপর্যায়ে কাগজে মোড়ানো একটি পাথর তার হাতে বেঁধে দেন। পরে কৌশলে তার গলায় থাকা প্রায় আট আনা ওজনের একটি স্বর্ণের চেইন এবং চার আনা ওজনের কানের দুল খুলে নিয়ে পালিয়ে যান। জানা গেছে, অভিযুক্ত ওই নারীর একজন রোগী হাসপাতালের গাইনি ওয়ার্ডে ভর্তি রয়েছে।
