মাসুম বিল্লাহ, কেশবপুর
যশোর-৬ (কেশবপুর) আসনের এমপি অধ্যাপক মো. মোক্তার আলী এলাকার দরিদ্র ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন, হুইল চেয়ার, বাই সাইকেল বিতরণ করেছেন। এছাড়াও বিভিন্ন ধরনের ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (৩ জুলাই) কেশবপুর উপজেলা পরিষদের হলরুমে এক আলোচনা সভা হয়। কেশবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী মো. মেশকাতুল ইসলামের সভাপতিত্বে এবং জামায়াতের নায়েবে আমীর মো. সাইদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন যশোর-৬ কেশবপুর আসনের এমপি অধ্যাপক মো. মোক্তার আলী। বক্তব্য দেন, কেশবপুর উপজেলা এলজিইডির প্রকৌশলী এম. এ. জাকির, জামায়াতের মাও. আব্দুস সামাদ, জামায়াতের সিনিয়র নায়েবে আমীর মাওলানা রেজাউল ইসলাম, সেক্রেটারি মাস্টার রফিকুল ইসলাম, সহকারী সেক্রেটারি মো. তবিবুর রহমান এবং সভাপতি অ্যাড. ওজিয়ার রহমান। মো. মোক্তার আলী বলেন বলেন, সরকারের উন্নয়ন কর্মসূচির বিশেষ বরাদ্দের মাধ্যমে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অনুষ্ঠান শেষে যশোর-৬ (কেশবপুর) আসনের এমপি অধ্যাপক মো. মোক্তার আলী বিনামূল্যে দরিদ্র ও অসহায়দের মধ্যে ২৬ টি সেলাই মেশিন, ৩০ টি বাই সাইকেল বিতরণ করেন। এছাড়াও ২৭ টি হুইল চেয়ার, ১০৮ টি ফুটবল, ৪৯ টি ভলিবল ও ১২ টি ক্রিকেট সেট বিতরণ করেন। এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তা,রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
