পরিবেশের ভারসাম্য রক্ষায় সবাইকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের

নিজস্ব প্রতিবেদক
পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়ন সম্প্রসারণে সবাইকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোর যথাযথ পরিচর্যাও নিশ্চিত করতে হবে। শুক্রবার যশোর উপশহরে সোনালী ব্যাংকের নিজস্ব জমিতে এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সোনালী ব্যাংক জেনারেল ম্যানেজার’স অফিস, যশোর এ কর্মসূচির আয়োজন করে। প্রতিমন্ত্রী বলেন, ১৯৯১ সালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালে বৃক্ষরোপণ কর্মসূচিকে সামাজিক আন্দোলনে রূপ দেওয়া হয়। এরপর থেকে প্রতিবছর এ কর্মসূচির পরিধি আরও বিস্তৃত হয়েছে। তিনি আরও বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনী ইশতেহারে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের ঘোষণা দিয়েছেন। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে দেশব্যাপী আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। স্কুল-কলেজসহ সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান এ কর্মসূচিতে অংশ নিচ্ছে। পরে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত নিজ হাতে একটি ফলদ গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনালী ব্যাংক যশোর অঞ্চলের আঞ্চলিক প্রধান ইকবাল কবির। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার হক, সোনালী ব্যাংক যশোর করপোরেট শাখার ডিজিএম মনিরুল ইসলাম, এজিএম মশিয়ার রহমান, জাতীয়তাবাদী ব্যাংকার্স অ্যাসোসিয়েশন সোনালী ব্যাংক যশোর অঞ্চলের সভাপতি দবীর উদ্দিন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রাজীবসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

 

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়