‘কাছে ঘেঁষার নিষেধাজ্ঞা প্রয়োজন’- মেলোনিকে ট্রাম্পের খোঁচা

প্রতিদিনের ডেস্ক
ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে নিজের দ্বন্দ্বকে আরও উসকে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি একটি অদ্ভুত মিম শেয়ার করে ট্রাম্প বুঝিয়েছেন যে, ইতালির প্রধানমন্ত্রী তাকে নিয়ে মেতে আছেন! নিজের সামাজিক মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’–এ ৮০ বছর বয়সি ট্রাম্প মেলোনির সঙ্গে নিজের একটি এডিট করা ছবি পোস্ট করে দাবি করেন, মেলোনির বিরুদ্ধে তার একটি ‘রেস্ট্রেইনিং অর্ডার’ (কাছে ঘেঁষায় আইনি নিষেধাজ্ঞা) জারি করা প্রয়োজন। ওই ছবিতে দেখা যায়, ৪৯ বছর বয়সি মেলোনি হাসিমুখে ট্রাম্পের দিকে তাকিয়ে আছেন। এর মাধ্যমে মূলত এটাই বোঝানো হয়েছে যে, ডানপন্থি এই ইতালিয় নেতা ট্রাম্পের প্রতি দুর্বল। ছবির ক্যাপশনে ট্রাম্প লিখেন, ‘রেস্ট্রেইনিং অর্ডার দরকার’। ট্রুথ সোশ্যালে ট্রাম্পের করা একাধিক পোস্টের একটি ছিল এটি। এদিন তিনি সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং তার স্ত্রী মিশেল ওবামার একটি ভুয়া ছবিও পোস্ট করেন। ওই ছবিতে দেখা যায়, গ্রাফিতি আঁকা একটি এয়ারফোর্স ওয়ান বিমানে ওঠার আগে তারা হাত নাড়ছেন। তুরস্কে অনুষ্ঠেয় ন্যাটো সম্মেলনের ঠিক আগে এই পোস্ট করলেন ট্রাম্প। ওই সম্মেলনে জোটের অন্যান্য নেতার পাশাপাশি ট্রাম্প ও মেলোনির দেখা হওয়ার কথা রয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়