প্রতিদিনের ডেস্ক:
সিরাজগঞ্জের শাহজাদপুরে গৃহবধূকে অ্যাসিড নিক্ষেপের মামলায় স্বামী মো. আকবর আলীর মৃত্যুদণ্ড কমিয়ে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। সোমবার (১৮ মার্চ) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগ মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আসামির করা রিভিউ আবেদনের ওপর শুনানি নিয়ে এ আদেশ দেন।আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর। আসামি পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী।২০২১ সালের ১ সেপ্টেম্বর এ আসামির মৃত্যুদণ্ড বহাল রাখেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। পরে এই রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করেন আকবর আলী।জানা যায়, সৌদি আরব প্রবাসী আকবর আলীর সঙ্গে ২০০৬ সালের ৪ সেপ্টেম্বর ওই নারীর বিয়ে হয়। বিয়ের পর আকবর আলী ফের সৌদি আরব চলে যান। এর কয়েক মাস পর দেশে ফিরে স্ত্রীকে সৌদি আরব নিয়ে যেতে চান। এ নিয়ে স্বামী-স্ত্রী ও দুই পরিবারের মধ্যে বিরোধ হয়। এ ঘটনার জেরে ২০০৮ সালের ১৮ ফেব্রুয়ারি মধ্যরাতে স্ত্রীর গায়ে আকবর আলী অ্যাসিড ঢেলে দেন।এরপর আহত গৃহবধূকে উদ্ধার করে প্রথমে পাবনা হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরদিন ১৯ ফেব্রুয়ারি ভিকটিমের বাবা একই উপজেলার বড় বাসুরিয়া গ্রামের মো. আব্দুল আউয়াল শেখ শাহজাদপুর থানায় মামলা করেন।সিরাজগঞ্জের জেলা ও দায়রা জজ আদালত ২০০৯ সালের ২৩ আগস্ট অ্যাসিড অপরাধ দমন আইনের ৫ (ক) ধারায় আকবর আলীকে মৃত্যুদণ্ড দেন।

