প্রতিদিনের ডেস্ক
দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। শুধু অভিনয় নয়, সামাজিক কর্মকাণ্ডে সরব থাকার পাশাপাশি প্রাণীদের প্রতি জয়ার ভালোবাসা বরাবরই চোখে পড়ার মতন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এসব বিষয়ে বেশ সক্রিয় তিনি। প্রায় সময়ই নানান ইস্যুতে নিজের মতামত কিংবা অনুভূতি ভক্তদের সঙ্গে শেয়ার করতে ভোলেন না এই অভিনেত্রী। এবারো তার ব্যতিক্রম হলো না। এবার আসন্ন ঈদুল ফিতরে সোশ্যাল মিডিয়ায় অসহায়-এতিম বাচ্চাদের জন্য সহায়তার অনুরোধ জানালেন জয়া। গতকাল নিজের ভেরিফায়েড ফেসবুকে অসহায় বাচ্চাদের জন্য পোস্ট দিয়েছেন জয়া। তিনি লিখেন, সাধারণত ২৫ রোজা থেকে কওমি মাদ্রাসাগুলো ছুটি হতে থাকে। বেশির ভাগ ছাত্র-ছাত্রীর অভিভাবক এসে বাচ্চাদেরকে বাসায় নিয়ে যায়। কিন্তু একদল বাচ্চাকে নিতে কেউ আসে না।
এদের কারও বাবা-মা নেই, কারও বাবা নেই মায়ের অন্যত্র বিয়ে হয়ে গেছে। অনেকের মা নেই, বাবা বাচ্চার খোঁজ রাখে না। খুব বেশি ভাগ্যবান হলে কারও কারও মামা, খালা, চাচা এসে কাউকে কাউকে নিয়ে যায়। বাকিরা সারাদিন কান্না করে।
যখন সহপাঠীদেরকে সবাই বাসায় নিয়ে যায় অথচ তাদেরকে কেউ নিতে আসে না তখন তাদের দুঃখ শুরু হয়ে যায়। জয়া বলেন, তাদের মৃত মা-বাবার ওপর অভিমান সৃষ্টি হয়, কেন তারা তাদেরকে দুনিয়ায় রেখে এই বয়সে মারা গেল? মা বেঁচে থাকতে মামারা কতো আদর করতো। বাবা বেঁচে থাকতে চাচারা কতো আদর করতো! এই বয়সেই তারা দুনিয়ার একটা নিষ্ঠুর চেহারা দেখছে। জয়ার ভাষ্য, একটা অনুরোধ এই ঈদে আপনার কাছাকাছি এতিমখানায় যান। ক’জন বাচ্চা ঈদে বাড়ি যায়নি খোঁজ নিন। তাদের জন্য আপনার সামর্থ্য অনুযায়ী যা পারেন তা নিয়ে যান। এই গরমে তাদের আইসক্রিম খাওয়াতে পারেন। অন্ততপক্ষে একটা চকলেট খাওয়ান। মনে রাখবেন, আজ আপনি বেঁচে না থাকলে আপনার ছোট সন্তান এতিম হয়ে যাবে। আমি ইনশাআল্লাহ চেষ্টা করবো যদি আল্লাহ্ সহায় হয়।

